অবরোধের প্রভাব চট্টগ্রামের সবজির বাজারে, প্রতিটির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা অবরোধের কারণে চট্টগ্রামে বেড়েছে সবজির দাম। আজ সকালে নগরের বৃহত্তর সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে
ছবি: প্রথম আলো

টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার চট্টগ্রামে দেড় থেকে দ্বিগুণ বেড়েছে পরিবহন খরচ। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক দিনে প্রায় দ্বিগুণ বেড়েছে পণ্য পরিবহনের খরচ। যা সরাসরি প্রভাব ফেলেছে পণ্যের দামে।

আজ সকালে চট্টগ্রাম নগরের বৃহত্তর সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। গ্রাহক কম থাকায় বেচাবিক্রিও কমেছে আড়তগুলোতে। খরচ বেশি পড়ায় অনেক ব্যাপারী আজ সবজি নিয়ে চট্টগ্রামে আসেননি।

চট্টগ্রামের আড়তগুলোতে অধিকাংশ সবজি আসে কুষ্টিয়া, যশোর, নওগাঁ, খুলনা, ঈশ্বরদী, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে। সেখানে কৃষক পর্যায় থেকে সবজি কেনার পর ব্যাপারীরা সবজি চট্টগ্রামে পাঠান। ট্রাকে করে এসব সবজি আনতে স্বাভাবিক সময়ে প্রতি ট্রাকে ২৮ থেকে ৩২ হাজার টাকার খরচ হয় ব্যাপারীদের।

অবরোধের মধ্যেও সবজি সরবরাহ হচ্ছে আড়তে। আজ সকালে নগরের বৃহত্তর সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে
ছবি: প্রথম আলো

তবে অবরোধের কারণে এ সব জেলা থেকে সবজি নিয়ে আসতে চাইছেন না ট্রাকচালক ও ব্যাপারীরা। যেসব ট্রাক চট্টগ্রাম আসতে রাজি হচ্ছে, তারা ভাড়া নিয়েছে ৫০ থেকে ৬৫ হাজার টাকা। অর্থাৎ শুধু পণ্য পরিবহনে স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দ্বিগুণ ভাড়া খরচ হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বেগুন, পটোল, ঝিঙা, কাঁকরোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি সবজি এক থেকে দুই দিনের বেশি মজুত করা যায় না। এর বেশি হলে এসব সবজি নষ্ট হতে শুরু করে। ফলে বাড়তি ভাড়া দিয়ে হলেও ব্যাপারীরা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে আনছেন।  

মেহেরপুরের সবজি ব্যবসায়ী মো. ছবেদ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অবরোধে সড়কে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ট্রাকচালকেরা চট্টগ্রাম যেতে চাইছেন না। অতিরিক্ত ভাড়া দাবি করছেন। অবরোধের আগের দিন সোমবার রাতেই ভাড়া ৩২ হাজার থেকে বেড়ে ৪০ হাজার হয়েছে। মঙ্গলবার রাতে ভাড়া ৫০ থেকে ৬০ হাজার পর্যন্ত দিতে হয়েছে।

আড়তে বিক্রির অপেক্ষায় সবজি নিয়ে বসেছেন বিক্রেতা। আজ সকালে নগরের বৃহত্তর সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে প্রায় সব বাজারেই সবজি সরবরাহ করা হয় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে। বাজার থেকে ভ্যান, পিকআপ ও লেগুনায় করে সবজি নিয়ে যান নগরের বিভিন্ন বাজারের সবজি ব্যবসায়ী, বিক্রেতা ও আশপাশের উপজেলার সবজি বিক্রেতারা।

পাইকারি পর্যায়ে দাম বাড়লে স্বাভাবিকভাবে তা খুচরা বাজারে প্রভাব ফেলবে। আড়তদারেরা বলছেন, ব্যাপারীদের অনেকেই লোকসান দিয়ে সবজি বিক্রি করেছেন। সেই দামেই কমিশনের ভিত্তিতে বিক্রি করেছেন আড়তদারেরা।  

রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী প্রথম আলোকে বলেন, ভাড়া বাড়তি হলেও ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজিভেদে। সামনে শীতের মৌসুমে বাজারে প্রচুর সবজি সরবরাহ হবে। তাই দু-এক দিনের জন্য দামের খুব বড় ধরনের প্রভাব পড়বে না বাজারে।