খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল শনিবার তোলাছবি : প্রথম আলো

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম জেলা সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত দলীয় নেতা–কর্মীসহ সাধারণ মানুষ। তাঁর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতু উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আগামীকাল সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। খননকাজের উদ্বোধন শেষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন। বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ ঘুরে দেখা যায়, মাঠের দক্ষিণ প্রান্তে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। শতাধিক মানুষ এসব সাজসজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাঠের আশপাশের সড়ক ও এলাকায় পরিচ্ছন্নতার কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এদিকে কাহারোল উপজেলার বলরামপুর এলাকাতেও চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেন, ‘প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তাঁর স্মৃতিবিজড়িত এলাকা দিনাজপুরে আসছেন। দিনাজপুরবাসীসহ আমরা দলীয় নেতা-কর্মীরা খুবই আনন্দিত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন এবং গুরুত্ব বিবেচনায় দিনাজপুর থেকেই কাজটি শুরু হচ্ছে, এটি ভালো লাগার বিষয়।’

প্রধানমন্ত্রী তা‌রেক রহমানের আগমন উপল‌ক্ষে দিনাজপু‌রে চল‌ছে মঞ্চ ও প্যা‌ন্ডেল তৈরির কাজ। আজ রোববার সকা‌লে শহ‌রের গোর এ শহীদ বড় মাঠে
ছ‌বি : প্রথম আলো

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (ক্রাইম) বলেন, ‘প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ সদস্যদের সঙ্গে সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয় সভা হয়েছে। এসএসএফের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’