নেত্রকোনায় শুঁড় দিয়ে টেনে কৃষককে আছড়ে মারল হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে মো. নূরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া এলাকার একটি ধানখেতে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম (৩৫) রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি সন্ধ্যা হলেই পাশের ভারতীয় সীমান্তের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। পাকা ধানখেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করে। গতকাল রাতে হাতির পাল নেমে ফসলের ক্ষতি করলে কৃষক নূরুল ইসলামসহ বেশ কয়েকজন কৃষক মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে যান। এ সময় একটি হাতি শুঁড় দিয়ে টেনে তাঁকে আছাড় মারে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে গ্রামবাসী একত্রে ধাওয়া করলে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়। আহত নূরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।