সাতক্ষীরার আকাশে রোদ, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কাটিয়ে সাতক্ষীরায় আজ মঙ্গলবার সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। বৃষ্টি ও দমকা বাতাসের বদলে রোদের দেখা পেয়ে সকাল থেকেই মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। দেখলে বোঝার উপায় নেই, গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে মানুষ আতঙ্কে ছিলেন।
আজ সকাল সাতটার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর খেয়াখাটে গিয়ে দেখা গেছে, প্রমত্ত খোলপেটুয়া নদী জোয়ারের সময়ও স্বাভাবিক অবস্থায় আছে। ট্রলারে মানুষ নদী পার হচ্ছেন। প্রতিদিনের মতো খেয়াঘাটের আশপাশের দোকানপাট সবই খুলে গেছে। এদিকে সকাল থেকে আশাশুনির প্রতাপনগর বাজারেও মানুষের আনাগোনা দেখা গেছে।
এর আগে আজ সকাল সাড়ে ছয়টায়র দিকে শ্যামনগর দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে গিয়ে দেখা যায়, আশ্রয় নেওয়া অধিকাংশ মানুষ ভোরে বাড়িতে ফিরে গেছেন। অথচ গতকাল সোমবার রাত নয়টার দিকে ওই সাইক্লোন সেন্টারে প্রায় ৩৫০ জন মানুষ গাদাগাদি করে অবস্থান করছিলেন।
সাইক্লোন সেন্টারের বারান্দায় দাঁড়িয়ে কথা হয় সাবিনা খাতুনের সঙ্গে। তিনি বলেন ‘গতকাল দুপুরে যখন বৃষ্টির সঙ্গে দমকা বাতাশ হতেছে, তখন সবকিছু ফেলে বাড়ির মানুষ কয়ডা নে আশ্রয় নিলাম এখানে। আল্লাহ রহম করেছে। মনে করেছিলাম রাতে বুঝি সব শেষ করে দেবে। সকালে আর বাড়িতে যাতি পারব না। কিন্তু আর্ধেক রাত থেকে আর ঝড়, বৃষ্টি সব বন্ধ হয়ে গেছে। নদী স্বাভাবিক হয়ে গে। এখন বাড়ি যাতেছি।’
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম বলেন, গতকাল এই সাইক্লোন সেল্টারে প্রায় ৪০০ মানুষ আশ্রয় নিয়েছিল। রাতে শুকনা´খাবার দেওয়া হয়েছিল। আজ সকালে খাবার দিতে এসে দেখেন সেখানে কেউ নেই।
বুড়িগোয়ালিনী সরকারি প্রাইমারি বিদ্যালয়ের চিত্রও একই। সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল বাছেদ বলেন, গতকাল রাত পর্যন্ত শ্যামনগরের বুড়িয়োগালিনী, পদ্মপকুর ও গাবুরা ইউনিয়নের ৩৭ হাজার মানুষ বিভিন্ন সাইক্লোন সেল্টারে আশ্রয় নেন। তবে আজ ভোর থেকে আবহাওয়া স্বাভাবিক থাকায় সবাই বাড়িতে ফিরতে শুরু করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, সাতক্ষীরায় সিত্রাংয়ের প্রভাবে কোথাও কোনো ধরণের বড় ক্ষতি হয়নি। গতকাল সন্ধ্যার পর থেকেই বৃষ্টি ও দমকা বাতাস কমতে শুরু করে। মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস একবারে বন্ধ হয়ে যায়। নদীগুলো স্বাভাবিক হয়ে গেছে। সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া অধিকাংশ মানুষ সকালে বাড়িতে নিরাপদে ফিরে গেছে।