দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিলেন তরুণ
ছিলেন ব্রাজিল সমর্থক। কিন্তু প্রিয় দলের ব্যর্থতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। দুধ দিয়ে গোসল করে অবশেষে ব্রাজিল সমর্থন ছাড়লেন তিনি। নাম লেখালেন আর্জেন্টিনার সমর্থক হিসেবে। আজ বুধবার বিকেলে রাঙামাটিতে এমন ঘটনা ঘটেছে। শহরের কাঁঠালতলি এলাকায় সাত লিটার দুধ দিয়ে গোসল করে পুরোনো জার্সি ছেড়ে আর্জেন্টিনার জার্সি পরেন ওই তরুণ। এমন কাণ্ড ঘটানো তরুণের নাম মো. তামিম।
মো. তামিমের এই ব্যতিক্রমধর্মী দলবদলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, প্রথমে ব্রাজিলের হলুদ জার্সি পরে বসে ছিলেন তামিম। চারপাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকেরা লাল বালতি থেকে মগে করে তাঁর মাথায় দুধ ঢালেন। দুধ দিয়ে গোসল শেষে ব্রাজিলের হলুদ জার্সি খুলে ফেলেন তামিম। এরপর আর্জেন্টিনার সাদা-নীল জার্সি পরিয়ে দেওয়া হয় তাঁকে।
যোগাযোগ করলে প্রথম আলোকে তামিম নামের ওই তরুণ বলেন, ‘কারও চাপে নয়, নিজের ইচ্ছায় আমি এই কাজ করেছি। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল ফ্যান-ফলোয়ার দেখেই দলে যোগ দিলাম। মেসির খেলা, দলটার লড়াই—সব মিলিয়ে ভালোবেসে ফেলেছি।’
জার্সি বদলের পর উপস্থিত আর্জেন্টিনার সমর্থকেরা মিষ্টি বিতরণ করেন। আর্জেন্টিনার পক্ষে স্লোগান দেন।
আর মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে বিশ্বকাপের। দলগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, জোরেশোরে চলছে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে আলোচনা। তার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
বিশ্বকাপ নিয়ে সারা দেশের মতো রাঙামাটিতেও সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে। দুই দলের সমর্থকেরাই শোভাযাত্রা করেছেন। লাগিয়েছেন নিজ দলের পতাকা।