আধা ঘণ্টার বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধা ঘণ্টার বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের একাধিক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে হালদারপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ বুধবার দুপুরের এ বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তার কোথাও গোড়ালিসমান, কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে। এভাবে হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ।

দুপুরে শহর ঘুরে দেখা গেছে, শহরের কাউতলী জেলা পরিষদের ডাকবাংলোর প্রধান ফটকের সামনের সড়ক, রেলগেট–সংলগ্ন জেলা পরিষদ মার্কেট, কালীবাড়ি মোড়, টিএ রোড, কুমারশীল মোড়, পুরাতন জেল রোডের ট্যাংকের পাড়, হালদার পাড়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের এলাকা, মুন্সেফপাড়া, ফুলবাড়িয়া, মধ্য মেড্ডা, কাজীপাড়া, সরকার পাড়াসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালার ময়লা মিশে বৃষ্টির পানি নোংরা হয়ে আছে। এ অস্বাস্থ্যকর পানির ওপর দিয়ে মানুষকে রাস্তা পার হতে দেখা গেছে।

শহরের একাধিক বাসিন্দার ভাষ্য, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও অপরিকল্পিতভাবে নালা নির্মাণের কারণে সামান্য বৃষ্টি হলে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক থেকে পানি নামতেও দীর্ঘ সময় লেগে যায়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরবাসীর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে নালা ও জলাশয় ভরাট হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ প্রথম আলোকে বলেন, পৌরসভার ১৩১ দশমিক ৮৯ কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে কাঁচা নালা ২৮ কিলোমিটার এবং পাকা নালা ১০৩ দশমিক ৮৯ কিলোমিটার। প্রায় ৫০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক ও নালা থেকে বর্জ্য সংগ্রহ করেন। ইতিমধ্যে বিভিন্ন এলাকার নালা পরিষ্কার করা হয়েছে।

বৃষ্টিতে জেলা পরিষদের সামনের এমটিবি ব্যাংকের সামনের সড়কেও পানি জমেছে
ছবি: প্রথম আলো

পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, শহরে কোনো ভাগাড় না থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা ছয়বাড়িয়া এলাকায় বর্জ্য ফেলেন। এ ছাড়া আরও কয়েক টন গৃহস্থালি বর্জ্য নালা ও খালে ফেলা হচ্ছে। এতে শহরের প্রবহমান শহর খাল (টাউন খাল) ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অধিকাংশ নালা ভরাট হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টি হলে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।

এ বিষয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী অপু মিয়া প্রথম আলোকে বলেন, যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক ফেলা হয়। মৌসুমী ব্যবসায়ী ও শহরের বাসিন্দারা তালের শাঁসের খোসা নালাসহ এখানে–সেখানে ফেলছেন। এতে নালার মধ্যে পানিপ্রবাহের প্রতিবন্ধকতা তৈরি হয়। যে কারণে একটি খাল থাকার পরও জলাবদ্ধতা দেখা দেয়।

আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে সকাল ১০টা থেকে সোয়া ১০টা, দুপুর সোয়া ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত হালকা বৃষ্টি হয়। এরপর বেলা দেড়টার দিকে আধা ঘণ্টা ভারী বর্ষণ হয়। এতে জেলা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পৌরসভার বিভিন্ন এলাকার অন্তত ১৫ জন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, শহরের বিভিন্ন এলাকায় থাকা নালাগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এসব নালা বিভিন্ন সময় পরিষ্কার করতে হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ তা করে না। পৌর কর্তৃপক্ষ নাগরিক সেবার প্রতি আরেকটু সচেতন ও দায়িত্বশীল হলে এসব সমস্যা দূর হবে। তবে স্থানীয় লোকজনকেও সচেতন হতে হবে।

এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী মো. আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, তিন-চার মাস ধরে পৌর এলাকার সব নালা পরিষ্কার করা হচ্ছে। বৃষ্টি হলে পানি সরতে আধা ঘণ্টার মতো সময় লাগে। অনেক এলাকায় নালার মুখ বন্ধ হয়ে আছে। এ কারণে সময় আরও বেশি লাগতে পারে।