জয়পুরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে পলাতক স্বামী গ্রেপ্তার

আবদুস ছাত্তার

জয়পুরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক স্বামী আবদুস ছাত্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানা–পুলিশ।

গ্রেপ্তার হওয়া আবদুস ছাত্তার জয়পুরহাট সদর উপজেলার দাদড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ আবদুস ছাত্তারের প্রথম স্ত্রী মিতু পারভিনের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই ছাত্তারকে আসামি করে তাঁর শ্বশুর আবদুল মালেক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী আবদুল মালেক বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আবদুস ছাত্তার তাঁর মেয়েকে মারপিট করতেন। যৌতুকের টাকা আনতে প্রচণ্ড চাপ দিচ্ছিলেন। এতে তাঁর মেয়ে রাজি হননি। এ কারণে তাঁকে পিটিয়ে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে আত্মহত্যার নাটক সাজিয়েছিলেন। আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি পেয়েছেন বলে জানান তিনি।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী আবদুস ছাত্তারকে বুধবার দিবাগত রাতে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।