পিরোজপুরে হাজার কেজির ষাঁড়ের নাম ‘শান্ত’, দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা
কোরবানির ঈদ সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় একটি ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ। খামার কর্তৃপক্ষের দাবি, প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি জেলার সবচেয়ে বড় গরু।
সাদা-কালো রঙের ষাঁড়টি স্বভাবগতভাবে শান্ত। তবে অপরিচিত কাউকে দেখলে কিছুটা অস্থির হয়ে ওঠে। খামার–সংশ্লিষ্টদের ভাষ্য, গরুটিকে বাইরে বের করতে ১০ থেকে ১২ জনের সহায়তা লাগে। স্থানীয় ব্যক্তিদের কেউ কেউ গরুটির নাম দিয়েছেন ‘শান্ত’।
প্রায় ২৮ মণ ওজন, ৮ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট উচ্চতার গরুটির দেখা মিলছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জাকির গাজীর গাজী অ্যাগ্রো ফার্মে। খামার কর্তৃপক্ষ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চার বছর ধরে লালন–পালন করা ষাঁড়টিকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
২০১৯ সালে গাজী পরিবারের উদ্যোগে যাত্রা শুরু হয় গাজী অ্যাগ্রো ফার্মের। শুরুতে ১২টি গরু নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে খামারে রয়েছে ৩২৭টির বেশি গরু। চার বছর আগে খামারেই জন্ম নেওয়া এই ষাঁড় এখন আকার ও গড়নের কারণে সবার নজর কাড়ছে। খামার কর্তৃপক্ষের দাবি, গরুটির পরিচর্যায় প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ হয়।
সরেজমিনে দেখা যায়, গরুটির পরিচর্যায় খামারে নিয়মিত কাজ করছেন তিন কর্মী—দেলোয়ার, মনির ও মিরাজ। তাঁরা পালাক্রমে খাবার দেওয়া, গোসল করানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। খামারকর্মীরা জানান, অতিরিক্ত গরম সহ্য করতে না পারায় গরুটিকে সব সময় আলো-বাতাস চলাচল করে, এমন স্থানে রাখা হয়। সেখানে সারাক্ষণ ফ্যানও চালু রাখা হয়।
খামারকর্মী মনির বলেন, গরুটিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। সকাল ছয়টা ও বেলা একটার দিকে দুই বেলা খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, ছোলা, শুকনা খড়, কাঁচা ঘাস ও গমের ভুসি। এ ছাড়া দিনে দুইবার সাইলেজ খাওয়ানো হয়।
গরুটির যত্নে খামারে নিয়মিত কাজ করেন তিন কর্মী—দেলোয়ার, মনির ও মিরাজ। তাঁরা পালাক্রমে খাবার দেওয়া, গোসল করানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। খামারকর্মীরা বলেন, গরুটি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তাই পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে এবং যেখানে রাখা হয়, সেখানে সারাক্ষণ ফ্যান চালু থাকে, যাতে গরুটি স্বস্তিতে থাকতে পারে।
মনির বলেন, সকালে ৬টার দিকে প্রথমবার এবং বেলা ১টার দিকে দ্বিতীয়বার খাবার দেওয়া হয়। তার খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, ছোলা বুট, শুকনা খড়, কাঁচা ঘাস, গমের ভুসিসহ পুষ্টিকর খাবার। সকালের খাবারের পর একবার ও দুপুরে খাবারের পর আরেকবার সাইলেজ খাওয়ানো হয়, আর রাতে শুধু পানি পান করে। নিয়মিত পরিচর্যা ও সুষম খাদ্য ব্যবস্থাপনার কারণেই গরুটির স্বাস্থ্য ভালো রয়েছে বলে তিনি জানান।
নান্নু মিয়া নামের খামারটির এক কর্মী বলেন, ‘গরুটির বর্তমান ওজন ১ হাজার ১০০ কেজি। দাম ৮ লাখ টাকা চাওয়া হচ্ছে। চার বছর ধরে যত্ন নিয়ে লালন–পালন করেছি। তাই ন্যায্যমূল্য পেলেই বিক্রি করব।’
প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ খামারে এসে এই বিশাল ষাঁড়টি দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু বিস্ময়ে দাঁড়িয়ে দেখছেন। গতকাল ষাঁড়টি দেখতে আসেন ভান্ডারিয়া এলাকার রাব্বি ইসলাম। তিনি বলেন, ‘আমি জীবনে অনেক গরু দেখেছি, তবে এত বড় গরু আগে দেখিনি।’
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যানুযায়ী, এবার পিরোজপুর জেলায় কোরবানির পশুর চাহিদা ২১ হাজার ৮৯৯টি। জেলার খামারি ও চাষিদের কাছে প্রস্তুত আছে ২৭ হাজার ৪০৬টি। ফলে জেলায় পশুর কোনো সংকট হবে না। এবার জেলার ৭টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২৬টি পশুর হাট বসবে।
পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার সিকদার বলেন, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি জেলার সবচেয়ে বড় গরু। তিনি আশা প্রকাশ করেন, খামারি ন্যায্যমূল্য পাবেন, যা তাঁকে ভবিষ্যতে আরও উৎসাহিত করবে।