ঘরে পাওয়া গেল চিরকুট, রেললাইনে যুবকের ক্ষতবিক্ষত লাশ
চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে রেললাইন থেকে রাজন দত্ত নামের (৩০) এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ধলঘাট রেলওয়ে স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তরে লাশটি পাওয়া যায়।
নিহত রাজন দত্ত পটিয়ার ধলঘাট ইউনিয়নের মৃত মিলন দত্তের ছেলে। তিনি এলাকার একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল পৌনে আটটার দিকে কক্সবাজারগামী একটি বিশেষ ট্রেন ওই এলাকা অতিক্রম করে। এরপরে রেললাইনে রাজন দত্তের ক্ষতবিক্ষত লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁর একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর শরীরের বেশির ভাগ অংশও থেঁতলানো। নাড়িভুঁড়িও বের হয়ে গেছে। এর আগে ভোরে রাজন ঘর থেকে বের হন বলে তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন।
ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, জুয়েলরা তিন ভাই, তিনি মেজ ছিলেন। ঘরের ড্রয়ারে তাঁর একটি চিরকুট পাওয়া গেছে, যার কারণে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
উদ্ধার হওয়া চিরকুটটি রাজনের লেখা কি না, সেটির সত্যতা নিশ্চিত হতে পারেনি পুলিশ। চিরকুটটিতে লেখা ছিল ‘আমি মনে করি, আমার এই জন্মের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারও কোনো হাত নেই। তাই সকলের প্রতি অনুরোধ, অকারণে কাউকে কোনো হয়রানি করবেন না। আমার কাছ থেকে কেউ কোনো টাকাপয়সা পাবে না, আমার কোনো ঋণ নেই। সকলের মঙ্গল হোক, বিদায়!’
রাজনের প্রতিবেশী তন্ময় দে বলেন, রাজন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এমবিএ শেষ করলেও কোনো চাকরি করতেন না। ২০১১ সাল থেকে তিনি স্থানীয় অ্যাপেক্স কোচিং সেন্টারে পড়াচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ের পটিয়া স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা সম্পর্কে তিনি জানেন না। ধলঘাট স্টেশনটিতে কোনো ট্রেন থামে না। তাই স্টেশনটিতে কোনো কর্মকর্তা-কর্মচারীও নেই।
জানতে চাইলে রেল পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এক প্রশ্নের জবাবে এসআই আবুল কাশেম বলেন, সকালে বাড়িতে রাজনকে না দেখে তাঁর বড় ভাই বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এর মধ্যেই রেললাইনে একটি লাশ পড়ে আছে শুনে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। চিরকুটের সত্যতা জানার চেষ্টা করা হচ্ছে।