গাজীপুরে রকেটের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর থানাধীন এনায়েতপুর (বাগানবাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই বিক্রয় প্রতিনিধির নাম শাহেদ শরীফ (২৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ পশ্চিমপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শাহেদ শরীফ তাঁর আরেক সহকর্মীকে নিয়ে আজ সকাল থেকে গাজীপুরের কাশিমপুরসহ আশপাশের এলাকার বিভিন্ন এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করেন। পরে তাঁরা অটোরিকশায় জিরানীর দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাঁদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিলেন। পথে অটোরিকশাটি এনায়েতপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে চারজন ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করেন। পরে তাঁরা রকেটের দুই বিক্রয় প্রতিনিধিকে ধারালো অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
শাহেদ বলেন, ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা তাঁর হাতে ও পায়ে অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি করেন। ওই ব্যাগে ৫ লাখ ২২ হাজার টাকা ছিল বলে তিনি দাবি করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।