রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিজের আইডি নম্বর দিয়ে লগইন করার মাধ্যমে এ ফল জানতে পারবেন।
শনিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বিমল কুমার প্রামাণিক জানিয়েছেন।
তিনি প্রথম আলোকে বলেন, প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত। প্রথম দফা শেষে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
পরিচালক বিমল কুমার প্রামাণিক আরও বলেন, এ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫, মানবিক শাখা থেকে জিপিএ-৪.৫৮ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ থাকতে হবে। বি ইউনিটে (ব্যবসায় শিক্ষা) আবেদনের জন্য মানবিক শাখা থেকে ন্যূনতম জিপিএ-৫ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার প্রাথমিক আবেদনে উত্তীর্ণ সবাই আবেদন করতে পারবেন। সি ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদনের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের এই পরিচালক বলেন, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এর আগে গত ১৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত মোট ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন শিক্ষার্থী আবেদন করেন। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন।
এ হিসাবে এবার তিনটি ইউনিটে অনলাইনে মোট আবেদন জমা পড়েছে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এর মধ্যে এ ইউনিটে (মানবিক) ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, বি ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি এবং সি ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে।
পরীক্ষার সময়সূচি
আগামী ২৯ মে সি ইউনিট (বিজ্ঞান), ৩০ মে এ ইউনিট (মানবিক) এবং ৩১ মে বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কত নম্বরের পরীক্ষা
এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।