বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী তার নানির কাছে থাকত। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামে রাস্তায় কিশোরীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় মানুষের বরাতে পুলিশ জানায়, কিশোরীর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার মা–বাবা সেখানেই থাকেন। কিশোরী শরণখোলায় তার নানির বাড়িতে তাঁর সঙ্গে থাকত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় রাস্তার ওপর কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।