খুলনা সিটির ওয়ার্ড পরিক্রমাওয়ার্ড নম্বর ১৪
সুপেয় পানির সংকট, বেহাল গলির রাস্তা
ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়টি জরাজীর্ণ। ভাড়া ভবনে চলে কার্যক্রম। সব এলাকায় মশার উপদ্রব আছে।
বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। গলির রাস্তাগুলো বেহাল। কোথাও কোথাও নালার অবস্থা খারাপ। আবার কোথাও কোথাও রয়েছে মাদকের বিস্তার। মশার উপদ্রব আছে সব এলাকায়। কিছু এলাকায় সুপেয় পানির সংকটও আছে। এ ধরনের নানা সমস্যা বিরাজ করছে খুলনা সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা এসে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে জয়ী প্রার্থীদের আর এলাকায় দেখা যায় না। তাঁরা প্রতিশ্রুতিও পূরণ করেন না।
এ বিষয়ে ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. আবদুস সালাম বলেন, ‘নির্বাচনের ছয় মাস আগে থেকে প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। প্রতিদিন দু-চারজন এসে বলে মশা খেদাই দেব, সড়কবাতি দেব, পানির ব্যবস্থা করে দেব, ড্রেন করে দেব। তবে কেউ দেয় না। নির্বাচন শেষ হলে কেউ এসব এলাকায় আসার প্রয়োজন বোধ করে না।’
এলাকার নানা সমস্যার বিষয়ে আবদুস সালাম বলছিলেন, তাঁদের এলাবায় মশার যন্ত্রণায় টেকা যায় না। নালা সব সময় আটকে থাকে। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, পানি সরার কোনো ব্যবস্থা নেই। পাঁচ মাস আগে একবার মশকনিধনের জন্য ওষুধ ছেটানো হয়েছিল। তাতে মশা কমে না। ওয়াসার পানির লাইন থাকলেও এখন পানি আসে না। গত তিন দিন আগে একটু পানি এসেছিল। এক কলস ভরার আগেই পানি শেষ।
ব্যাংক কলোনির অদূরে রায়ের মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের বিপরীতে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়টি জরাজীর্ণ। প্রধান ফটকে তালা ঝোলানো। ১৯৯৯ সালে উদ্বোধন করা ওয়ার্ড কার্যালয়টি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাড়া করা ভবনে চলে ওয়ার্ড কাউন্সিলের কার্যক্রম। ওয়ার্ডে নেই কোনো কমিউনিটি সেন্টার।
বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে ১৪ নম্বর ওয়ার্ড। এটি খুলনা নগরের একটি অন্যতম বড় ওয়ার্ড। প্রায় ৭৫ হাজার মানুষের এই ওয়ার্ডের সাতটি কেন্দ্রে ভোটার প্রায় ২১ হাজার। আর এই ওয়ার্ডের বড় দুটি এলাকা রায়ের মহল ও বয়রা।
ওয়ার্ডটির উত্তরে ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা এলাকা, দক্ষিণে জলিল সরণি, রায়ের মহল, পূর্বে পুরোনো যশোর রোড এবং পশ্চিমে রয়েছে রায়ের মহল দেয়ানা সড়ক। এই ওয়ার্ডের মধ্যে রয়েছে রায়ের মহল ডিগ্রি কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, বন ভবন, মৎস্য ভবন, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, বিভাগীয় গণগ্রন্থাগার, কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার, খুলনা জিপিও, ওয়াসা ট্রিটমেন্ট প্ল্যান্ট, মেট্রোপলিটন পুলিশ লাইনসের মতো প্রতিষ্ঠান।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডের বড় রাস্তাগুলো বেশ ভালো। তবে গলি রাস্তার অবস্থা খুবই খারাপ। ওয়ার্ডের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তাটি একবারেই বেহাল। তীব্র দাবদাহের মধ্যেও ওই রাস্তার ওপর পানি জমে আছে। রায়ের মহল পশ্চিম পাড়ার গুরুত্বপূর্ণ খন্দকার মালেক সড়কের দুই পাশে উঁচু নালা নির্মাণ করা হয়েছে। তবে এরপর বছরখানেক ধরে রাস্তা নির্মিত না হওয়ায় নালা থেকে রাস্তাটি কমপক্ষে তিন ফুট নিচু হয়ে গেছে। বৃষ্টি হলে চরম ভোগান্তি হবে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বয়রা এলাকার কলেজ বাউন্ডারি রোড এলাকার রাস্তাঘাটও খুব একটা ভালো নেই। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ দেখা গেছে।
বয়রা কলেজ বাউন্ডারি রোডের বাসিন্দা সাকিবুল হোসেন ও কাজল মোল্লা বলেন, এলাকার রাস্তাঘাট খুবই খারাপ, এখন খাবার পানির তীব্র সংকট। বৃষ্টি হলেই পানি জমে যায়। ময়লা–আবর্জনা আর মশায় ভরা, এই এলাকায় নতুন ড্রেনও হয়নি।’
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন। আওয়ামী লীগ–সমর্থিত প্রবীণ এই কাউন্সিলর বর্তমানে ভীষণ অসুস্থ থাকায় এবার নির্বাচনে আসবেন না বলে জানান দলের নেতা–কর্মীরা। বুধবার দুপুরে তাঁর কার্যালয় এবং বাসভবনে গিয়েও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে আবার যোগাযোগ করা হলে চিকিৎসক তাঁকে এক বছর কথা বলতে নিষেধ করেছেন বলে জানিয়ে দেওয়া হয়।
ওয়ার্ডে ডজনখানেক সম্ভাব্য প্রার্থীর শুভেচ্ছা পোস্টার রয়েছে। তাঁদের মধ্যে একজন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দার বলেন, ‘গত নির্বাচনে আমাকে দলীয় সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু পরে দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের কথায় আমি নির্বাচনে অংশ নিইনি। আমি দুবারের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আশা করি, দল এবার আমাকে সমর্থন দেবে।’