মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বিলচর হাওরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম বদরুল মিয়া (৩৫)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের পাটলীচক গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে এবং পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদরুল মিয়া গতকাল রাতে বাড়ির পাশে বিলচর হাওরে ছোট ভাই রশিদ মিয়াকে নিয়ে মাছ ধরতে যান। রাত ৯টার দিকে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে তাঁদের মাছ ধরার নৌকা উল্টে যায়। এ সময় বদরুল ও রশিদ দুজনেই নৌকা থেকে পানিতে পড়ে যান। এর মধ্যে রশিদ সাঁতারে পাড়ে উঠতে পারলেও বদরুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বদরুলের লাশ উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিক্ষক ঝড়ের কবলে পড়েছিলেন। পরে তাঁর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।