দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণ–অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
আজ রোববার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
গণ–অভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সে সময় আমরা স্লোগান দিয়েছিলাম—তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।’
সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। এখন একটি দলের স্থানীয় নেতারা বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও দলের রাজনৈতিক পর্ষদ সদস্য মাহমুদা আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিল প্রমুখ। এ সময় হাসনাত আবদুল্লাহ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমানকে রাজাপুর উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী ঘোষণা করেন।