জয়পুরহাটে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল সাইড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কর্মী আবু জাফর মো. সৌরভ গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় একই গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আতিকুল ইসলাম ধানবোঝাই একটি ভ্যান সড়কে দাঁড় করিয়ে রাখেন। পথ ফাঁকা করার জন্য সৌরভ মোটরসাইকেলের হর্ন বাজাতে থাকলে আতিকুল ইসলাম বিরক্ত হয়ে হর্ন বাজাতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই দলের ১১ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।