বাংলাদেশে দুর্গাপূজা যেন একই পরিবারের উৎসব: ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। এখানকার সবাই উৎসবটি নিজের মনে করে নিয়েছেন। মনে হয় যেন একই পরিবারের উৎসব।
সোমবার রাত আটটার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদাপ্রসাদ সাহা পূজামণ্ডপ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘দানবীর রণদাপ্রসাদ সাহা ৫১ বছর আগে মারা গেছেন। মৃত্যুর পরও তাঁর করা কুমুদিনী হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশের মানুষ সেবা পাচ্ছে। কুমুদিনী নার্সিং স্কুল, কলেজ, মেডিকেল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষ। তাঁদের সুনাম ছড়িয়ে পড়েছে।’
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে বলেও আশা প্রকাশ করেন রবার্ট চ্যাটারটন ডিকসন।
এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেমেরি ব্রুর, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার সুভেন্ডসেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালসহ দেশি–বিদেশি অতিথিরা পূজামণ্ডপ পরিদর্শন আসেন।
এর আগে তাঁরা কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ কুমুদিনীর নানা স্থাপনা ঘুরে দেখেন। এরপর সন্ধ্যা সাতটায় মণ্ডপে হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতী উপভোগ করেন অতিথিরা।
এ সময় কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সুলতানা কামাল বলেন, ‘কুমুদিনীর আয়োজনে পূজা সুচারুরূপে উদ্যাপিত হয়। আমরা ভালোভাবে সেই আনন্দ উপভোগ করি। সবার মধ্যে যেন অসাম্প্রদায়িক চেতনা থাকে। ধর্ম যার যার, উৎসব সবার—এই কথাটুকুই যেন সংস্কৃতিচর্চার মধ্যে থাকে।’