কুমিল্লার তিন ঘণ্টার বৃষ্টিতে সড়কে প্রায় হাঁটুসমান পানি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ রোববার দুপুরে কুমিল্লা নগরের কান্দিরপাড় নাহার প্লাজার সামনে
ছবি: এম সাদেক

তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউতে প্রায় হাঁটুসমান পানি জমেছে। এতে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলাচলে সমস্যা হচ্ছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ রোববার দুপুর ১২টার দিকে এমন পরিস্থিতি দেখা গেছে।

আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লায় ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিরপাড় পুবালী চত্বর থেকে কুমিল্লা ট্রমা সেন্টার পর্যন্ত অন্তত ১০০ মিটার সড়ক। এ সড়কের দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, হাসপাতাল, ব্যাংক, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। তখন ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এই সড়কে চলাচল করতে চান না।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে ট্রমা সেন্টার এলাকায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের নবম শ্রেণির একদল ছাত্রীর সঙ্গে কথা হয়। তারা জানায়, স্কুল থেকে বেরিয়ে অটোরিকশা করে তারা নগরের দক্ষিণ চর্থা এলাকায় যাবে। কিন্তু পানি দেখে চালকেরা আর যাচ্ছেন না। ভেঙে ভেঙে যেতে তাদের খরচ বেশি পড়বে।

জলাবদ্ধতার কারণে ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের। ভোগান্তি নিরসনে কাজ করবেন বলেও জানান তিনি।

নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকা থেকে কান্দিরপাড়ের ভাড়া ৩০ টাকা। ট্রমা সেন্টার পর্যন্ত আসার পর জলাবদ্ধতা দেখে অটোরিকশাচালক আর যেতে চাননি। বৃষ্টির কারণে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল হাসান চালককে ৪০ টাকা দেন। পরে কান্দিরপাড় মোড়ে অটোরিকশায় আসেন ১০ টাকা দিয়ে।

নজরুল অ্যাভিনিউ এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, নজরুল অ্যাভিনিউয়ের দক্ষিণ পাশে একটি নালা ছিল। কয়েক বছর আগে এক ব্যবসায়ী তাঁর বাসায় যাওয়ার জন্য নালা বন্ধ করে সড়ক করেন। এতে আর পানি নামতে পারে না। একসময় এই সড়কের পানি ওই নালা দিয়ে মৃণালিনী দত্ত ছাত্রীনিবাসের খালে গিয়ে পড়ত। তখন কোনো ভোগান্তি ছিল না। পাঁচ বছর ধরে এই সড়কের এই অংশে পানি জমে একাকার অবস্থা। বেড়েছে ভোগান্তি।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা বলেন, এই সড়কের সংস্কারকাজের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টির পানি নামতে না পারার কারণে জলাবদ্ধতা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি করপোরেশন কাজ করছে।