পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ হবে আজ

গতকাল মঙ্গলবার রাতে পদ্মা সেতুতে সর্বশেষ রেল স্লিপার বসানো হয়েছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ করা হবে আজ বুধবার। আজ বিকেল চারটার দিকে রেললাইনের ৭ মিটার কংক্রিট ঢালাই করার মধ্য দিয়ে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথরবিহীন রেলপথের নির্মাণকাজ সমাপ্ত ঘোষণা করবেন পদ্মা সেতু রেল লিংক প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার রাতে সেতুতে সর্বশেষ রেল স্লিপার বসানো হয়েছে।

আগামী ৪ এপ্রিল পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লিংক প্রকল্পের অধীনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ঠিকাদার চীনের চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিআরইসি)। এই প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত দূরত্ব রেলপথে ৪২ কিলোমিটার। এই দূরত্বের মধ্যে পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুতে রেলপথের একটি স্লিপার বসানো বাকি ছিল। ওই স্লিপার গতকাল চীন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর সন্ধ্যায় তা প্রকল্প এলাকায় আনা হয়। রাতে স্লিপারটি সেতুর রেলপথে বসানো হয়। সেতুতে তা বসানোর পর সাত মিটার কংক্রিটের ঢালাই বাকি রাখা হয়।

আজ বিকেল ৪টার দিকে রেল লিংক প্রকল্পের পরিচালক আফজাল হোসেনের উপস্থিতিতে ওই ৭ মিটারে ঢালাই দেওয়া হবে। তখন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজের সমাপ্তি ঘোষণা করবেন।

পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের পরিদর্শন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘আজ সেতুতে রেললাইন বসানোর কাজ শেষ হচ্ছে। আমরা যারা এ নির্মাণযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলাম, তারা উৎফুল্ল, আনন্দিত। আমাদের হাতের ছোঁয়ায় দেশের একটি বড় অবকাঠামো নির্মাণ হয়েছে, এটা গর্বের, গৌরবের। আগামী সপ্তাহে তিনটি কোচের একটি ট্রেন পরীক্ষামূলকভাবে সেতুতে চালানো হবে। তখন এ কাজের পরিপূর্ণতা পাব আমরা।’

পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাঈদ আহম্মেদ প্রথম আলোকে বলেন, আজ সেতুতে রেললাইনের নির্মাণকাজের সমাপ্তি ঘোষণা করা হবে। এর মধ্যে দিয়ে নতুন মাইলফলক সৃষ্টি হবে। আগামী ৪ এপ্রিল রেলমন্ত্রীর উপস্থিতিতে ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন মাওয়া স্টেশনে যাবে।