শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে মধ্যরাতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি গবেষণাগারে আগুন লাগে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা পরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘এ’-এর নিচতলায় ১২৭ নম্বর কক্ষে অবস্থিত পদার্থবিজ্ঞান বিভাগের ‘নন-লিনিয়ার অপটিকস ল্যাব’। রাত পৌনে দুইটার দিকে ওই গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন গোলচত্বরে আড্ডারত কয়েক শিক্ষার্থী ওই গবেষণাগারে আগুন দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীদের অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল স্থানটি পুরোপুরি ঝুঁকিমুক্ত করে। তাঁদের কাজে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা সহায়তা করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কিছু আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর প্রধান হিসেবে আছেন অধ্যাপক মো. আরিফুল ইসলাম। দ্রুত তাঁরা প্রতিবেদন জমা দেবেন।