নালিতাবাড়ী শহর রক্ষা বাঁধ
১০ মাস ধরে ফেলে রাখা হয়েছে কাজ
১০ মাস আগে বাঁধ সংস্কারের জন্য নদে বলি (গাছের গুঁড়ি) পোঁতা হয়। কিন্তু এর কিছুদিন পর থেকে ঠিকাদার লাপাত্তা।
পাহাড়ি ঢলে ২০২১ সালে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় শহর রক্ষা বাঁধের ১১০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত অংশটি এখনো সংস্কার করা হয়নি। অথচ ১০ মাস আগেই কাজের মেয়াদ শেষ। এ অবস্থায় আবার পাহাড়ি ঢলে ঘর-বাড়ি ভাঙনের আশঙ্কায় পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ১০ মাস আগে বাঁধ সংস্কারের জন্য ভোগাই নদে বলি (গাছের গুঁড়ি) পোঁতা হয়। প্রস্তুত করা হয় বালুভর্তি জিও ব্যাগ। কিন্তু এর পর থেকেই ঠিকাদার লাপাত্তা। তাঁরা দ্রুত বাঁধের সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভোগাই নদে ঢল নামে। এতে পানির স্রোতে শহরের উত্তর গড়কান্দা এলাকায় নদীর ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। ভাঙা ওই অংশ দিয়ে ঢলের পানি প্রবেশ করে চারটি মহল্লার প্রায় ৭০০ পরিবারের বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় বাঁধের সামনে বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। অনেক পরিবার স্কুলের বারান্দায় এবং নিজ বাড়ি ছেড়ে আত্মীয়–স্বজনের বাড়িতে আশ্রয় নেন।
২০২২ সালে বাঁধটি সংস্কারে পাউবোর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। ১১০ মিটার বাঁধ সংস্কারে ব্যয় ধরা হয় ৩৮ লাখ টাকা। এ কাজের দায়িত্ব পায় রিফাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাঁধ সংস্কারে গত বছর ৪ মে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সময়মতো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি।
এর মধ্যে গত বছর ১৭ জুন আবার পাহাড়ি ঢল শুরু হয় ও ভাঙনের ওই অংশ দিয়ে পানি প্রবেশ করে। এতে উত্তর গড়কান্দা, গড়কান্দা, গুনাপাড়া ও শিমুলতলা মহল্লায় জলাবদ্ধতা দেখা দেয়। উত্তর গড়কান্দা এলাকায় ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে যায়। এ ছাড়া ৭০০ পরিবারের বাড়িঘরে হাঁটুসমান পানি জমে যায়।
এরপর গত বছর ২৩ জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নদীতে পাইলিং করতে বলি পোঁতা হয়। এ ছাড়া ৪ হাজার ৩৫০টি জিও ব্যাগে বালু ভরে প্রস্তুত করা হয়। কিন্তু তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় বাঁধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা যায়নি। এর কিছুদিন পর ঠিকাদারের লোকজন চলে যান। এ নিয়ে গত বছর ২৮ জুলাই প্রথম আলোয় ‘বাঁধ নির্মাণে ধীরগতি, ক্ষুব্ধ এলাকাবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, বাঁধের ভাঙনের অংশে নদে ১৬০টি গাছের গুঁড়ি পুঁতে রাখা হয়েছে। অনেক জিও ব্যাগ ফেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে বাঁধের ভাঙা অংশে জিও ব্যাগগুলো অনেকদিন ধরে ফেলে রাখায় নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় রমিজা বেগম বলেন, ‘একটা বছর ধইরা কাম বন্ধ কইরা ফালাইয়া থইছে। অহন মেঘ–বৃষ্টির সময় যে কোনো সময় গাঙ্গ (নদী) ঢল আইয়া পড়ব। তহন বাড়ি ঘরও পানি উঠব। আমগরের হিবার কষ্টের মধ্যে পড়ুন লাগব।’
ঠিকাদারী প্রতিষ্ঠান রিফাত এন্টারপ্রাইজের মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, ইতিমধ্যে বাঁধ সংস্কারের ৮০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে জিও ব্যাগে ভরা বালুর দাম নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। এই কারণে কাজটি শেষ করতে দেরি হয়েছে। শিগগিরই বাকি কাজ শুরু করা হবে।
পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, দ্রুত বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার তিনি যোগাযোগ করেছেন। সামনে বর্ষা মৌসুম। তাই দ্রুত কাজ শেষ করা না হলে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়বেন।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান বলেন, গত বছর জুন মাসে বাঁধ সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজটি আটকে রয়েছে। গত ছয় মাসে ঠিকাদারকে সাত-আটটি চিঠি দেওয়া হয়েছে। তবু তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।