ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর
ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ মঙ্গলবার ভোরের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল মন্দিরটি পরিদর্শন করেছে।
মন্দির কমিটির সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মহল্লার মালোপাড়া সর্বজনীন শ্রী শ্রী মা কালীমন্দিরে সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান হয়। গতকাল তা শেষ হয়। এ অনুষ্ঠান শেষ করে রাত ১২টার দিকে ওই মহল্লার সবাই যাঁর যাঁর বাড়িতে যান। এরপর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
এতে ওই মন্দিরে বাঁশের চটা দিয়ে ঘিরে রাখা সরস্বতী প্রতিমার হাত, গঙ্গা প্রতিমার মুখ ও গঙ্গা প্রতিমার পাশে থাকা আরও দুটি প্রতিমার দুই হাত ভেঙে দেওয়া হয়। এ ছাড়া মন্দির চত্বরে রাখা কর্কশিটে বানানো গৌর-নিতাইয়ের প্রতিমা ভেঙে পাঁচ টুকরা করে ফেলা হয়।
মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র মালো বলেন, ‘আমরা এই মহল্লায় ৭০টি হিন্দু পরিবার বসবাস করি। গত বছর এই দিনেই আমাদের মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। এবারও তা–ই করা হলো। তবে গতবার সিসিটিভি থাকায় দুর্বৃত্তকে ধরে ফেলা গিয়েছিল। কিন্তু এবার তিনটি ক্যামেরা থাকলেও কারিগরি ত্রুটির জন্য তা সক্রিয় না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনা শোনার পরে আমি নিজে ওইখানে পুলিশের টিম নিয়ে গিয়েছিলাম। সেখানে মন্দির কমিটি ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি এবং সমস্ত কিছুর ছবি তুলে এনেছি। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।’