ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনারা আক্তার পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা আক্তার ও তাঁর মেয়ে শাহানা বেগমের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে কামরুল ও তাঁর স্ত্রী নিলুফার মিলে মিনারাকে মারধর করেন।
গতকাল রাতের একপর্যায়ে অসুস্থবোধ করায় সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ভোর ৫টা ২০ মিনিটে আবারও তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিনারা আক্তারের বাঁ চোখ আঘাতের কারণে ফোলা ছিল জানিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, মিনারা চোখে দেখতে পারছিলেন না। উচ্চ রক্তচাপ থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।