রাঙামাটিতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকায় ব্যাটালিয়ন সদর ক্যাম্পে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই আনসার সদস্যের নাম মো. সৈয়দ আমিনুল হক (৫৩)। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায়। তিনি মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, রাত তিনটার দিকে আমিনুল হককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্বরত অবস্থায় ওই আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।