গাছের সঙ্গে ধাক্কা, ট্রাকের সামনের অংশ কেটে বের করা হলো মৃত চালককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার পর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে আটকে পড়েন চালক ‌উত্তম কুমার
ছবি: প্রথম আলো

চালের কুঁড়াবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের টাটকপুর এলাকায় পৌঁছানোর পর ওই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে আটকে পড়েন চালক ‌উত্তম কুমার (৩২)। তবে দুর্ঘটনার সময় চালকের সহকারী গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাকের সামনের অংশ কেটে চালক উত্তমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অংশের টাটকপুর এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের লাল মহন রায়ের ছেলে।

টাটকপুর মহল্লার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত দেড়টার দিকে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাড়ি থেকে বের হয়ে এসে দেখেন সড়কের পাশের খাদে একটি ট্রাক উল্টে পড়ে আছে। এ সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের সামনের অংশ কেটে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, দুর্ঘটনার পর চালকের সহকারী পালিয়ে গেছেন। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।