অপ্রতিম হত্যার বিচারের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায়ছবি: প্রথম আলো

অপ্রতিম হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাসড়কের কোটবাড়ি এলাকায় আসেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দুপুর ১২টা ৫০ মিনিটে মহাসড়ক ছাড়েন তাঁরা।

আরও পড়ুন

অবরোধ ও বিক্ষোভের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিম হত্যার বিচার এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে তাঁরা মহাসড়কে এসেছেন।

বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, অপ্রতিমের জানাজা হয়ে গেলেও হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁরা বিস্তারিত তথ্য পাননি। তিনি বলেন, ‘আমরা পরিষ্কার তথ্য চাই। এসি রুমে বসে প্রেস ব্রিফিং চাই না। প্রেস ব্রিফিং মাঠপর্যায়ে, ছাত্রছাত্রীদের সামনে দিতে হবে। আমাদের সামনে এসে দিতে হবে।’

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর অল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আইফোনটিও উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হলে তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

গতকাল শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল সে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন একজনকে আটক করা হয় এবং পরে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।