যশোরে আমন চাষ
কৃষক পর্যায়ে আসেনি এক হাজার টন সার
কৃষকেরা বলছেন, প্রয়োজনের সময় তাঁরা এমওপি সার পাননি। এমওপি সার কিনতে গিয়ে তাঁরা ঠকেছেন।
কৃষি মন্ত্রণালয় আগস্ট মাসের অ-ইউরিয়া সার (টিএসপি, ডিএপি ও এমপি) বরাদ্দ দিয়েছিল গত জুলাই মাসে। মন্ত্রণালয় গত ৭ জুলাই ওই সার বরাদ্দ দিয়ে বলেছিল, ডিলাররা যাতে সঠিক সময়ে সার উত্তোলন করেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সরকার নির্ধারিত মূল্যে কৃষক পর্যায়ে বিতরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একইভাবে গত ২১ জুন কৃষি মন্ত্রণালয় জুলাই মাসের অ-ইউরিয়া সার বরাদ্দ দিয়েছিল।
কিন্তু দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবহন না করায় যশোরের কৃষকেরা গত জুলাই মাসের বরাদ্দের ২৯৭ মেট্রিক টন ও আগস্ট মাসের বরাদ্দের ৮২০ মেট্রিক টন এমওপি (মিউরেট অব পটাশ) সার নিতে পারেননি।
কৃষকেরা বলছেন, এখন মধ্যভাদ্র। আমন ধানের চারা রোপণ শেষ। কিন্তু প্রয়োজনের সময় তাঁরা এমওপি সার পাননি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে সামান্য পরিমাণ এমওপি সার মিলেছে, তা তাঁরা কিনেছেন সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দাম দিয়ে। এমওপি সার কিনতে গিয়ে তাঁরা ঠকেছেন।
তবে বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ওই সার পরিবহন করে যশোর গুদামে না আনায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে জেলায় এমওপি সারের কোনো সংকট নেই। এতে আমন ধান চাষে কোনো প্রভাব পড়বে না।
জুলাইয়ের শুরু থেকে মধ্য অক্টোবর পর্যন্ত আমন মৌসুম। আমন ধানের চারা রোপণের সময় মধ্য জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। চারা রোপণের সময় অ-ইউরিয়া সার ব্যবহার করতে হয়। অ-ইউরিয়া সারের মধ্যে একটি হচ্ছে এমওপি।
অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক আজিবর গাজী বলেন, ‘আমি এবার আড়াই বিঘা জমিতে আমন ধান করছি। সব জমিতে ধান লাগানো হয়ে গেছে। অনেক ঘুরে আমি ১ হাজার ৪০০ টাকা দিয়ে ১ বস্তা (৫০ কেজির বস্তা) পটাশ সার (এমওপি) কিনে খেতে দিয়েছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪৭ হেক্টর জমি। এ জন্য কৃষি মন্ত্রণালয় থেকে বিএডিসির আমদানি করা জুলাই মাসের জন্য ২ হাজার ১৯২ মেট্রিক টন ও আগস্ট মাসের জন্য ১ হাজার ৮৬৭ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জুলাই মাসে ১ হাজার ৮৯৫ মেট্রিক টন ও আগস্ট মাসের জন্য বরাদ্দ ১ হাজার ৪৭ মেট্রিক এমওপি সারের আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়া গেছে। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি বস্তা (৫০ কেজির) এমওপি সারের দাম ৭৫০ টাকা (১৫ টাকা প্রতি কেজি)। সূত্র জানায়, জেলার বিসিআইসির(বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) ১৪২ জন এবং বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা) ডিলার রয়েছেন ১৬০ জন।
বিএডিসি, যশোর কার্যালয় সূত্র জানায়, বিএডিসি দরপত্রের মাধ্যমে বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে সার আমদানি করে জাহাজে দেশে আনে। এরপর চুক্তিবদ্ধ পরিবহন ঠিকাদারের মাধ্যমে ছোট জাহাজে করে খুলনা ও যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আনা হয়। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের পর এই দুই জায়গা থেকে ৩৬টি জেলার গুদামে সার পরিবহন করেন ঠিকাদারেরা। যশোর গুদামে সার পরিবহনের দায়িত্ব পায় ঢাকাভিত্তিক পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স ও কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি।
বিএডিসি, যশোর কার্যালয়ের যুগ্ম পরিচালক (সার) মো. রোকনুজ্জামান বলেন, পরিবহন ঠিকাদারেরা গুদামে সব টিএসপি ও ডিএপি সার পৌঁছে দিয়েছেন। তবে তাঁরা সব এমওপি সার পৌঁছে দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হবে। এ ব্যাপারে কথা বলার জন্য পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান কামরুল আশরাফ খানের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।