সখীপুরে ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেওয়ায় আ.লীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা খান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতকে বাধা ও হুমকি দেওয়ার অপরাধে মোস্তফা খান ওরফে রাজীব (৪০) নামের আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা তাঁকে এ সাজা দেন।

কারাদণ্ড পাওয়া মোস্তফা খান টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাসাইল গ্রামের বজলুর রহমান খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে উপজেলার প্রতিমা বংকী গ্রামের কলাবাগান এলাকায় ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে মোস্তফা খান নামের ওই আওয়ামী লীগ নেতা জমি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে বাধা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোস্তফা খান উল্টো আদালতের কাজে বাধা দেন এবং আদালতকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশের সহযোগিতায় ওই নেতাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া ওই নেতাকে বিকেলেই টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।