কলারোয়ায় পুকুরে পাওয়া অবিস্ফোরিত মর্টারশেলটি নিষ্ক্রিয় করল র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্টারশেলটি নিষ্ক্রিয় করে সাতক্ষীরা র‌্যাব-৬–এর বোম ডিসপোজাল ইউনিট। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি কাকডাঙা বিলে
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় উদ্ধার করা অবিস্ফোরিত মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কেঁড়াগাছি কাকডাঙা বিলে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে সাতক্ষীরা র‌্যাব-৬–এর বোম ডিসপোজাল ইউনিট।

এর আগে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কেঁড়াগাছি গ্রামের ইসমাইলের পুকুর খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন কেঁড়াগাছি গ্রামের ইসমাইলের পুকুর খননের সময় একটি  মর্টারশেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মাটিতে মর্টারশেলটি পুঁতে রাখা হয়েছিল।

মর্টারশেল নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন প্রমুখ।