১৪–দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে এককাট্টা আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে হাতে হাত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন নেতারা
ছবি: প্রথম আলো

রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বদলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার জন্য এককাট্টা হয়েছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। এই সভায় তাঁরা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে জয়ী করার আহ্বান জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের আসন ভাগাভাগিতে রাজশাহী-২ আসন পেয়েছেন এই জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এই আসনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৪-দলীয় জোটের এই প্রার্থী। ২০০৮ সাল থেকে টানা তিনবার তিনি এই আসন থেকে জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করছেন। এবার এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা। তাঁর প্রতীক কাঁচি।

এই স্বতন্ত্র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার জন্য আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগেরমতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে হাত উঁচু করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন নেতারা
ছবি: প্রথম আলো

এই সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘তাঁরা নৌকার পক্ষে। তাঁরা বিভিন্ন জায়গায় নৌকার জন্য কাজ করছেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকার জন্য কাজ করছেন। কিন্তু ফজলে হোসেন বাদশা যদি নৌকা প্রতীক পেয়ে খায়রুজ্জামান লিটনকে না ডাকেন, তাহলে কি তাঁদের ঠেকা পড়ে গেছে যে তাঁর বাসায় গিয়ে তাঁর জন্য কাজ করবেন।’ তাঁর এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ওই সভায় উপস্থিত নেতা-কর্মীরা না না বলে চিৎকার দেন।

ওই মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী কামাল আরও বলেন, ‘আমাকে যেখানেই ডাকা হয় আমি সেখানেই যাই, কিন্তু নৌকার প্রার্থী ফজলে হোসেন আমাকে নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানাননি। এখন আমরা যদি আপনাদের মতামত নিয়ে দলের সহসভাপতি শফিকুর রহমানকে সমর্থন দিই, তাহলে কোনো অপরাধ হবে না। দলীয় শৃঙ্খলাভঙ্গ হবে না। এ জন্য যদি দলীয় শৃঙ্খলাভঙ্গের জবাব দিতে হয়, তাহলে সেই জবাব আমি দেব, সেই জবাব দেবেন খায়রুজ্জামান লিটন।’

শফিকুর রহমানকে সমর্থন দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করে মোহাম্মদ আলী কামাল বলেন, ‘আমরা যখন নেমে গেছি তখন আমাদের দলের সহসভাপতি শফিকুর রহমানকে বিজয়ী করে আনতে হবে। আমরা নৌকার বিপক্ষে নই। আমরা শফিকুর রহমান বাদশার বিপক্ষে। তাঁকে (ফজলে হোসেন বাদশা) আমরা দেখিয়ে বিদায় করব যে রাজশাহীতে তাঁর কোনো জনসমর্থন নেই।’

আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের শফিকুর রহমানের পক্ষে কাজ করার জন্য এই সভা আয়োজন করার কথা জানিয়েছেন মোহাম্মদ আলী কামাল। এ বিষয়ে তিনি বলেন, ‘আজ আপনাদের সঙ্গে কথা বলে মতামত নিলাম। আমরা নৌকার বিপক্ষে নই, ফজলে হোসেন বাদশার বিপক্ষে, ওয়ার্কার্স পার্টির বিপক্ষে। তারা দেখাক তাদের কত ভোট আছে। আমাদের প্রার্থীকে জয়ী করে নিয়ে আসার দায়িত্ব রাজশাহী মহানগর আওয়ামী লীগের।’

এ বিষয়ে কথা বলার জন্য শুক্রবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশার মুঠোফোনে ফোন করা হলে তিনি সভায় ব্যস্ত আছেন বলে জানান । তবে এ বিষয়ে তাঁর সমর্থক ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের ডাকা হয়নি এই অভিযোগ ঠিক নয়। ১৪-দলীয় জোটের মনোনয়ন ঘোষণার পরই ফজলে হোসেন ১৪ দলের সমন্বয়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফোন দিয়েছিলেন। তিনি ফোন ধরেননি। পরে ফোনে একটি খুদে বার্তা পাঠিয়েছিলেন। বার্তাটি তিনি দেখেছেন কিন্তু উত্তর দেননি। এরপর ১৪-দলীয় জোটের সভা করার জন্য আওয়ামী লীগের পদধারী প্রায় সব নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তাঁদের জানিয়েছিলেন ২১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় বসা হবে। তার আগেই ২০ ডিসেম্বর বিজয় র‌্যালি শেষে খায়রুজ্জামান লিটন জোটের প্রার্থীকে নিয়ে উল্টো একটা বক্তব্য দিয়েছেন, যা জোটের সমন্বয়ক হিসেবে তাঁর দেওয়া ঠিক হয়নি। রাজশাহীর মানুষ এটা গ্রহণ করেননি।

গত ১৫ বছর সঙ্গে না থাকার অভিযোগও অস্বীকার করে দেবাশীষ প্রামাণিক বলেন, ছয় মাস আগেই সিটি করপোরেশন নির্বাচনের সময় তাঁরা মেয়রের নির্বাচনী কার্যালয়ে বৈঠক করেছেন। তাঁদের সঙ্গে গণসংযোগে অংশ নিয়েছেন। এসব অভিযোগ সঠিক নয়। শেখ হাসিনার মনোনীত প্রতীক নৌকার পক্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাঁদের সঙ্গে আছেন বলেই তাঁরা মনে করেন।

সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম। এই সভায় রাজশাহী মহানগরে ওয়ার্ড-মহল্লা কমিটি থেকে শুরু করে সব কমিটির নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন একেবারে কানায় কানায় ভর্তি ছিল। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা সভামঞ্চে বসেছিলেন।