তারাগঞ্জে তীব্র শীতে কাঁপছে মানুষ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে শ্রমজীবী দরিদ্র মানুষ। তীব্র শীতে মানুষের পাশাপাশি কাঁপছে পশুপাখিও। বেড়েছে রোগবালাই। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দুই বেলা খাবার জোগানো যাঁদের জন্য কঠিন, সেখানে শীতের কাপড় কেনা তাঁদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উপজেলার জলুবার গ্রামের গৃহবধূ বুলিমাই বলেন, ‘হামরা তো অতে আগুন পোহে গাও গরম করুছি। কিন্তু অবলা গরু-ছাগলগুলাক কী করমো? দুইটার করি চটের বস্তা গরুর গাওত দিয়া ঠান্ডা যাওছে না। ঠনঠন করি কাঁপছে। ছাগলগুলোরও রোগবালাই ধরছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান বলেন, শীত বাড়ায় পশুপাখির সর্দি ও নিউমোনিয়া রোগ বেড়েছে। খামারি ও কৃষকদের গরু-ছাগল চট ও মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পরামর্শ দিচ্ছেন তাঁরা। মেঝেতে শুকনো খড় বিছানো ও গরম পানি খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। শীতের সময় পশুপাখির রোগবালাই বেশি হয়। এ জন্য সাবধান থাকতে হবে।
আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার উপজেলার নারায়ণজন, বরাতি, ডাঙ্গাপাড়া, বালাপাড়া, মেনানগর, জগদীশপুর, পালপাড়া, জলুবার এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীতের কারণে অনেকেই কাজে যেতে পারেননি। একটু উষ্ণতা পেতে ১০-১২ জনের দল বেঁধে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
৭০ বছর বয়সী বরাতি গ্রামের অচিন দাস বলেন, ‘রাইত পোহাইলে শীত বাড়োছে।শরীলোত আর ঠান্ডা সহ্য হওছে না। এ্যালা কামাইও নাই, গরম কাপড়ও নাই। তার ওপর নদীর ঠান্ডা বাতাস হু-হু করি বেড়ার ফাঁক দিয়া ঘরোত ঢোকে, তখন ছেঁড়া খ্যাতা গাওত দিয়া কোঁকড়া নাগি থাকো।’ একই গ্রামের অনুবালাও বয়সের ভারে ন্যুব্জ। শীতে তিনিও কাবু। কথা হলে অনুবালা (৬৫) বলেন, ‘ঝরির মতো রাইতো শীত পড়োছে। দিনোত কুয়াশার তকনে বেড়া যাওছে না। ঠান্ডাতে হাত–পাও পষাণ বরফ হওছে। খুব কষ্টে আছুন। একনা শীতের কাপড় হইলে মোর খুব ভাল হইল হয়।’
আজ বুধবার রংপুর আবহাওয়া দপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। দু–একদিনের মধ্যে আরও কমতে পারে ও হতে পারে শৈত্যপ্রবাহ।
মেনানগর এলাকার উঠানে জড়ো হয়ে খুড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় একদল নারী-শিশুকে। সেখানে কথা হলে ৮৫ বছরের বৃদ্ধা মহুবোন বলেন, ‘বাবা, ঠান্ডাতে জান বাইর হয়া যাওছে। গরম কাপড় নাই, শীত এলে মোর খুব কষ্ট হয়। ঠান্ডা থাকি বাঁচির তকনে আগুন পোহার আনু। এটেও আসিও জাগা পাওছুন না। সোবাই ঠেলাঠেলি করি আগুন ঘিরি ধরি আছে।’
ডাঙ্গাপাড়া গ্রামের ফুলবি বেগম বলেন, ‘ঠান্ডায় মুই কাবু হয়া গেছুন। মনটা কওচে আগুন গাওয়োত নাগে দিয়া থাকোং। তোমরা মোক একনা কম্বল দেও গাওত দিয়া জানটা বাচাইম।’
আগুনে দুই শিশুকে নিয়ে শরীরে তাপ নিচ্ছিলেন নারায়ণজন গ্রামের সুলতানা বেগম। তিনি বলেন, ‘হামরা গরিব মানুষ। ভাত খাবার পাইসা জোটার পাই না। জাম্পার কম্বল কিনমো কি দিয়া? এবার যে শীত ঘরোত থাকা যাওছে না, বাইরোতও বের হওয়া যাওছে না। ছাওয়াগুলাক নিয়া আনা আগুনোত গাও তাপাওছুন।’
ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম বলেন, সরকারিভাবে যে ১০-১২টি কম্বল বরাদ্দ পেয়েছিলেন। তা দুস্থ লোকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এখনো অনেক হতদরিদ্র লোক শীতবস্ত্রের জন্য সকালে-বিকেলে তাঁর বাড়িতে আসছেন। শীর্তাত মানুষের জন্য সরকারি সহায়তা অপ্রতুল। স্ত্রী-সন্তাদের পুরোনো কাপড় অনেককে দিতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সরকারিভাবে যে দুই হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে, তা জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও কম্বলের জন্য জেলা প্রসাশকের কাছে আবেদন জানানো হয়েছে।