মাইকিং করে বুঝিয়ে দেওয়া হলো কুড়িয়ে পাওয়া সাড়ে ৪৩ হাজার টাকা
ব্রাহ্মণবাড়য়ার সরাইল উপজেলা সদরে বৈশাখী মেলায় এসে সঙ্গে থাকা ৪৩ হাজার ৫০০ টাকা হারিয়ে ফেলেন ফরহান মিয়া (৩০) নামের এক তরুণ। টাকাটা পান উপজেলার আরেক তরুণ শরিফ মিয়া (২৫)।
এরপর তিনি মাইকিং করে টাকার প্রকৃত মালিক ফরহান মিয়াকে খুঁজে বের করেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে তাঁর হাতে টাকাটা বুঝিয়ে দেন শরিফ।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী গ্রামের বাসিন্দা ফরহান মিয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরে সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনের বৈশাখী মেলায় আসেন। সেখানে তিনি রাত সাড়ে আটটা পর্যন্ত ছিলেন।
ওই সময় পকেটে থাকা ৪৩ হাজার ৫০০ টাকা পড়ে যায় তাঁর। এ টাকা কুড়িয়ে পান উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের শরিফ। টাকাটা তিনি জমা রাখেন মেলার আয়োজক ইকবাল হোসেনের কাছে।
এরপর ইকবাল ও শরিফ গতকাল রাতে উপজেলা সদরসহ নানা স্থানে মাইকিং করেন। আজ দুপুরে উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা বুঝে পান ফরহান। উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া, ইকবাল হোসেন, শরিফ মিয়া প্রমুখ।
হারানো টাকা পেয়ে অনেক খুশি হয়েছেন ফরহান। তিনি বলেন, গতকাল সন্ধ্যায় সরাইল বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা নেন তিনি। ওই টাকা থেকে কিছু খরচ করেন। বাকি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। সারা রাত তিনি ঘুমাতে পারেননি।