রংপুরে যাত্রী সংকট, নির্ধারিত সময়ের বাস বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের কামারপাড়া বাসস্ট্যান্ড
প্রথম আলো ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে উত্তরাঞ্চলের প্রধান শহর রংপুরের গণপরিবহনে নেতিবাচক প্রভাব পড়েছে। ঢাকামুখী দূরপাল্লার বাসগুলোয় যাত্রী না থাকায় অনেক পরিবহনের সূচি বাতিল করতে হয়েছে।

সরকারের সঙ্গে পরিবহনমালিকদের বৈঠকের পর বাসভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন শুরু হয়েছে আজ থেকে। এ কারণে রংপুর থেকে ঢাকা পর্যন্ত সাধারণ গণপরিবহনগুলোর টিকিটের দাম ৭০০ থেকে ৮৫০ টাকা হয়েছে। ৯০০ টাকার এসি বাসের টিকিট ১ হাজার ১০০ টাকা এবং ১ হাজার ৩০০ টাকার এসি বাসের টিকিট হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

বাসে টিকিটের দাম বাড়ানো ও যাত্রীহীনতার এ চিত্র আজ রোববার সকালে রংপুরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর ভাড়া নির্ধারণী কমিটির বৈঠকে গতকাল শনিবার বিকেলে বাসভাড়া সর্বোচ্চ ২২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা হবে। এ ক্ষেত্রে ভাড়া বাড়ছে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা, অর্থাৎ ২২ দশমিক ২২ শতাংশ।

আজ সকালে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক সাজু মিয়া প্রথম আলোকে বলেন, সকাল ৯টার গাড়ির ৪০ আসনের মধ্যে মাত্র ২টি বিক্রি হয়েছে। এ অবস্থায় এই গাড়ির শিডিউল বাতিল করা ছাড়া কোনো উপায় নেই।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা বাসস্ট্যান্ডে অবস্থান করে দেখা যায়, বাসগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু আগের মতো কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় নেই। কাউন্টারের কর্মচারীরা তেলের দাম বাড়ানো এবং বাসের যাত্রী নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ বলেছেন, একসঙ্গে লিটারপ্রতি এত টাকা জ্বালানি তেলের দাম না বাড়িয়ে আগে থেকে একটু একটু করে বাড়াতে পারত সরকার।

ঢাকাগামী এনা পরিবহনের ব্যবস্থাপক রতন মিয়া বলেন, সকাল ১০টায় ছেড়ে যাওয়া ৪০ আসনের গাড়িতে যাত্রী ছিলেন মাত্র দুজন। এরপরও পথে কিছু যাত্রী পাওয়ার আশায় বাসটি ছেড়ে যায়। এর আগে একই পরিবহনে সকাল ৮টার গাড়িতে যাত্রী ছিলেন ১০ জন।

ঢাকাগামী শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, নতুন ভাড়া অনুযায়ী ৮৫০ টাকা নির্ধারিত হলেও এর থেকে কম ভাড়া নিয়ে সকাল সাড়ে ৮টার গাড়িতে ১৪ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়। কিন্তু ১০টার বাসের কোনো টিকিট বিক্রি হয়নি। এ জন্য ওই বাসের সূচি বাতিল করেছেন তাঁরা।

সকাল ৮টার দিকে সোহেল চৌধুরী নামের হানিফ পরিবহনের একজন যাত্রী বলেন, নতুন ভাড়া নির্ধারিত ৮৫০ টাকার থেকে ৭০ টাকা কম দিয়ে ৭৮০ টাকায় টিকিট কিনেছেন তিনি। এরপরও গাড়িতে উঠে দেখেন অনেক আসন শূন্য।

হানিফ পরিবহনের সহকারী ব্যবস্থাপক হোসেন আলী বলেন, ভাড়া বাড়ানোর প্রভাব প্রথম দিনেই পড়েছে। নির্ধারিত ভাড়ার থেকে আরও কমে টিকিট দেওয়া হলেও যাত্রী নেই। যাত্রী কমে যাওয়ার পরও গাড়ি চলাচল করছে। এতে খুব একটা লাভবান হতে পারবেন না পরিবহনের মালিকেরা।