চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার, পুলিশ বলছে ব্যবহৃত
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের গুলি রয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে বায়েজিদ বোস্তামি থানা-পুলিশ এসব গুলি উদ্ধার করে।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত গুলি। তবে গুলিগুলো কোন ধরনের, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।
এদিকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে গুলিগুলো বের করে নালার পাশে রাখা হচ্ছে।