ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়া নিয়ে তর্কে কলেজশিক্ষার্থীকে ক্যাম্পাসে ছুরিকাঘাত
সহপাঠীর ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়া নিয়ে তর্কের জেরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
তাঁর নাম তিহাম আহমেদ (২১)। তিনি কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কলেজের একাধিক সূত্র জানায়, একজন নারী সহপাঠীর ছবিতে তিহামের সহপাঠী গোলাম কিবরিয়া ‘হা হা’ রিয়্যাক্ট দেন। তিহাম সেখানে আপত্তি জানিয়ে কমেন্ট করেন। এ ঘটনার জেরে কিবরিয়া কয়েকজন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে তিহামের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা তাঁকে চার-পাঁচবার ছুরিকাঘাত করেন। পরে তিহামকে সহপাঠীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিহামের সঙ্গে একই কলেজে ব্যবস্থাপনা বিভাগের পড়েন তারেক ফয়সাল। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন। তারেক ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘দুপুরে পরীক্ষা দিয়ে কলেজ মাঠের এক পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কিবরিয়া এসে তিহামকে ডেকে নিয়ে যান। এর পরপরই তার হাঁটুতে ছুরিকাঘাত করা হয়। তবে কিবরিয়া ছুরিকাঘাত করেননি, তিনি কয়েকজনকে বাইরে থেকে নিয়ে এসেছিলেন। ফেসবুকে কোনো একটা পোস্টের কমেন্ট ও রিঅ্যাক্ট দেওয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।’
তারেক ফয়সাল অভিযোগ করে বলেন, ঘটনার পর তাঁরা কলেজের অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোহা. আবদুল খালেক বলেন, তিনি কলেজের একটি জরুরি সভায় ছিলেন। পরে জানতে পারেন বিষয়টি। এ বিষয়ে তিহামের পরিবার থানায় অভিযোগ দিলে কলেজ কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করবে। তিনি তিহামকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। সেখানে গিয়ে পুরো বিষয়টি ভালো করে শুনবেন।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা অভিযোগ দেবেন।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়াকে মুঠোফোনে কল করা হলে তিনি কেটে দেন। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তিহামের বোন শাকিলা আফরোজ প্রথম আলোকে বলেন, তিনি এখন হাসপাতালে আছেন। তাঁরা থানায় গিয়েছিলেন। পুলিশের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে রাতে মামলা করবেন। ঘটনার কারণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ার প্রতিবাদ করায় তাঁর ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে।