কক্সবাজারে সামুদ্রিক খাবার নিয়ে জমজমাট উৎসব

উৎসবে সামুদ্রিক মাছ দিয়ে খাবার তৈরি করছেন এক নারী। গতকাল বিকেলে তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ, কোরাল, চিংড়ি, লবস্টারসহ সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার থরে থরে সাজানো রয়েছে টেবিলে। ভোজনরসিক পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এসে ঘুরে ঘুরে দেখছেন এসব খাবার। মুখে নিয়ে এর স্বাদও উপভোগ করছেন। গতকাল শুক্রবার দিনভর এমনই দৃশ্য দেখা গেছে কক্সবাজারের হোটেল রামাদায় আয়োজিত সি-ফুড ফেস্টিভ্যালে।

গতকাল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই উৎসব। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় উৎসবের আয়োজন করে এমবোলডেন বাংলাদেশ, নেক্সট শিখন ও হোটেল রামাদা কর্তৃপক্ষ।

উৎসবে গিয়ে দেখা যায়, ১৬টি স্টলে খাবার সাজিয়ে রাখা হয়েছে। ইলিশ, কোরাল, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, স্কুইডসহ নানান সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা হয়েছে এসব খাবার। উৎসবে ইলিশের আচার, সামুদ্রিক মাছের পিঠা, শৈবাল দিয়ে তৈরি করা স্যুপ-পুডিংয়ের স্বাদ নিতে দেখা যায় কয়েকজনকে।

একটি স্টলে হরেক পদের সামুদ্রিক খাবার সাজিয়ে রাখা হয়েছে। গতকাল বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

সকালে হোটেল রামাদার সম্মেলন কক্ষে উৎসবের উদ্বোধন করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে এমবোলডেন বাংলাদেশের ডেপুটি লিড অপারেশন আফিফা ইয়াসের সঞ্চালনায় বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম, হোটেল রামাদার মহাব্যবস্থাপক চেভান গুনেরাত্নে, এমবোলডেন বাংলাদেশের উপদেষ্টা হাসনা হুরাইন চৌধুরী, টুয়াকের আহ্বায়ক মিজানুর রহমান, এনরুটের টিম লিডার ইব্রাহিম খলিল ভূঁইয়া, এমবোলডেন বাংলাদেশের সভাপতি ইনজামামুল হক, নেক্সট শিখনের নির্বাহী পরিচালক তামান্না নওরিন প্রমুখ।

অনুষ্ঠানে শারমিন সোলতানা বলেন, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্য—সবকিছু মিলেই কক্সবাজার সবার জন্য আকর্ষণীয় একটা জায়গা। এটি ভ্রমণের জন্য যেমন আকর্ষণীয়, তেমনই এখানকার সংস্কৃতি সবাইকে আকর্ষণ করে।

ইনজামামুল হক বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীলতা ও দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে উপকূলীয় অর্থনীতিকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। ভবিষ্যতে এই উৎসবের পরিসর আরও বাড়ানো হবে।’