ঝালকাঠিতে বিএনপির নেতার স্ত্রী ও শ্যালিকাকে নাশকতার পুরোনো মামলায় ফাঁসানোর অভিযোগ
ঝালকাঠিতে পুলিশের বিরুদ্ধে বিএনপির এক নেতার স্ত্রী ও শ্যালিকাকে নাশকতার পুরোনো একটি মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতা রফিকুল ইসলাম। অভিযোগে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্ত্রী, শ্যালিকা ও তাঁর কিশোর ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই দুই নারী হলেন ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী সুবর্না মোস্তারিন শিরিন (৩৫) ও শ্যালিকা স্বপ্না বেগম (২৩)। স্বপ্না বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজের ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। রফিকুল ইসলাম ও সুবর্না মোস্তারিন দম্পতির কিশোর ছেলে মো. সাইফ হোসেন (১৭) ৬ নভেম্বর আদালত থেকে জামিন পেয়েছে। কারাগারে আছেন সুবর্না মোস্তারিন ও স্বপ্না বেগম। তাঁরা ঝালকাঠি সদরের সাচিলাপুর গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে।
রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর বিএনপির হরতাল কর্মসূচি চলাকালে শহরের কামারপট্টি মোড় এলাকায় জেলা যুবলীগের একটি মিছিলের ছবি তোলার চেষ্টা করে তাঁর কিশোর ছেলে সাইফ। এতে ক্ষুব্ধ হয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ তাঁর ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাঁর স্ত্রী ও শ্যালিকা ছেলেকে ছাড়াতে থানায় যান। সেখানে গিয়ে তাঁর ছেলের জামা ছেঁড়া ও মুখ রক্তাক্ত দেখতে পান। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ তাঁদের তিনজনকে গত ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা নাশকতার পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেদিন বিএনপির আরও চার নেতা-কর্মীকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যেমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার আতঙ্কে তিনিও (রফিকুল) এখন বাড়িছাড়া।
ওই মামলার বাদী ছিলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ মোদক। তিনি এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্যসচিব শাহাদাৎ হোসেনসহ ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আসামি করেন ১৫০ জনকে। গত ২৫ ফেব্রুয়ারি সকালে শহরের সাধনার মোড় ও আমতলা মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় করা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে বিএনপির নেতা রফিকুলের স্ত্রী, শ্যালিকাসহ সাতজনকে আদালতে পাঠান ঝালকাঠি সদর থানার এসআই মো. শফিকুল ইসলাম। আদালতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আসামিদের বিএনপির ডাকা হরতালে ঝালকাঠি শহরের মহিলা কলেজের সামনে পিকেটিং করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযোগের বিষয়ে ঝালকাঠি পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোস্তফা হায়দারী বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কাউকে অন্যায়ভাবে ফাঁসানো হয়নি। নাশকতা সৃষ্টির পাঁয়তারা করা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার বাসভবনে ভাঙচুর করার পর থেকে পুলিশ উল্টো আমাকে গ্রেপ্তারের জন্য বাসায় তল্লাশি চালিয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরাও ঘরছাড়া। পুলিশ আতঙ্কে দিন কাটছে তাঁদের।’
এদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘর ছেড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। অবরোধের শুরু থেকে এ পর্যন্ত নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলালসহ ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে মাঠ দখল রয়েছে আওয়ামী লীগের। অবরোধের বিরুদ্ধে প্রতিদিনই সরকারি দল ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শান্তি মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন।