‘সবাইকে লেখক হতে হবে—এমন কোনো কথা নেই, কিন্তু ভালো লেখা পড়তে হবে’
কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘লেখক হতে চাওয়াটা খুবই ভালো, সবাইকে লেখক হতে হবে—এমন কোনো কথা নেই, কিন্তু ভালো লেখা সবাইকে পড়তে হবে। ভালো লেখক হওয়ার জন্য আগে ভালো পাঠক হতে হবে।’
আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘পঞ্চগড় সাহিত্য উৎসব ২০২৬’–এ উপস্থিত হয়ে এ কথা বলেন আনিসুল হক। পঞ্চগড়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত ওই উৎসবে ‘কী লিখব, কীভাবে লিখব’ বিষয়ক আলোচনায় এ কথা বলেন তিনি।
উৎসবে অংশ নেওয়া তরুণ লেখকদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘আমরা অনেকেই বিভিন্ন প্রকার বই পড়ে কখনো হাসি, কখনো কাঁদি আবার কখনো উত্তেজিত হই। কিন্তু লেখক পড়ে আবার ভাবে যে লাইনটি পড়ে আমি হাসলাম কেন, এই লাইন পড়ে আমি কাঁদলাম কেন, লাইনটি পড়ে আমার রাগ হচ্ছে কেন। এই কায়দাটা শেখে।’
বেলা ১১টার দিকে পঞ্চগড় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাহিত্য উৎসবের। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রবিউল ইসলাম (রফিক), পঞ্চগড়ের নুরজাহান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. হায়াতুন আলম প্রমুখ বক্তব্য দেন।
সাহিত্য উৎসবের আয়োজনে সার্বিক সহায়তা করে পঞ্চগড়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান নুরজাহান হোটেল অ্যান্ড রেস্তোরাঁ।
তরুণ প্রজন্মের মধ্যে বই পড়া, লেখালেখি ও সাহিত্যচর্চায় আগ্রহ বাড়াতে পঞ্চগড় বন্ধুসভা এই সাহিত্য উৎসবের আয়োজন করে। সাহিত্য উৎসবে বয়সভিত্তিক তিনটি বিভাগে মোট ২১২ জন অনলাইনে নিবন্ধন করেছিলেন। নিবন্ধনকারীরা কবিতা ও গল্প-প্রবন্ধ জমা দেন।
এর মধ্যে বিচারক প্যানেলের মাধ্যমে তিনটি বিভাগে মোট ছয়জন বিজয়ীকে সনদ, ফুল, বই ও গাছের চারা উপহার দেওয়া হয়। ক বিভাগ (১২ থেকে ১৫ বছর বয়সী) কবিতা লেখায় বিজয়ী হয়েছে ফাহমিদা হক, গল্প ও প্রবন্ধ লেখায় বিজয়ী হয়েছে পুনশ্চ উপলব্ধি রায়। খ বিভাগে (১৬ থেকে ২০ বছর বয়সী) কবিতা লেখায় বিজয়ী হয়েছেন এম এল রহমান, গল্প ও প্রবন্ধ লেখায় বিজয়ী হয়েছে সাথী রায়।
গ বিভাগে (২১ বছর থেকে তদূর্ধ্ব) কবিতা লেখায় বিজয়ী হয়েছেন লামইয়া আক্তার, গল্প ও প্রবন্ধ লেখায় বিজয়ী হয়েছেন আনারুল ইসলাম। উৎসবে অদম্য লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্রী সারা মাহজাবিন সাদিক।
পঞ্চগড় বন্ধুসভার কার্যকরী সদস্য রায়হান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক রেশমা রিয়া।
নিবন্ধনপ্রক্রিয়ার মাধ্যমে সাহিত্য উৎসবে অংশ নেওয়া সবার হাতে সনদ, ফুল ও উপহার তুলে দেওয়া হয়।