পুকুরের পানিতে ভাসছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের লাশ

আজগর হোসেনছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় পুকুরের পানিতে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আজগর হোসেন (২২)। তিনি কাশেরা গ্রামের আশকর মিয়ার ছেলে এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির পাশের একটি পুকুরে যান আজগর। পরিবারের সদস্যদের ধারণা, হাঁস ধরতে কিংবা মাছের খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। এরপর দীর্ঘ সময় তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন আজগরকে খুঁজতে শুরু করেন। জুমার নামাজের পর পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে তাঁরা উদ্ধার করেন। পরে তাঁকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই আজগরের মৃত্যু হয়েছিল বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিফাত। তিনি বলেন, ওই তরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।

আজগরের চাচা ও শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজ উদ্দীন আহমেদ বলেন, সকালে পুকুরে গিয়ে অসাবধানতাবশত আজগরের মৃত্যু হয়েছে। ঘটনাটি তাঁদের পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।