ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে ইউপি চেয়ারম্যান ও কয়েকজন ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ইউএনও এস এম শান্তনু চৌধুরী আজ দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।

প্রতারকচক্র ইউএনওর নম্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিভিন্ন মাদ্রাসা ও স্কুল-কলেজের শিক্ষকদের কাছে কল করে চাঁদা দাবি করে। ব্যাপারটি প্রতারণা বুঝতে পেরে তাঁরা ফোনের লাইনটি কেটে দেন। পরে ইউএনওকে বিষয়টি জানান।

ইউএনও এস এম শান্তনু চৌধুরী বলেন, ‘কয়েকজন ইউপি চেয়ারম্যান ও কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। তাঁরা তাৎক্ষণিক আমাকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র এমন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’