রেলিং ভাঙলেও হচ্ছে না সেতু

ঝুঁকি নিয়ে গত চার মাস পুরোনো সেতুর ওপর দিয়ে চলছে যানবাহন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর রেলিং ভেঙে ফেলা হয়েছে। তবে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গতকাল কলারোয়া উপজেলা সদরের বাজার এলাকায়
প্রথম আলো

নতুন সেতু নির্মাণের জন্য পুরোনো সেতুর রেলিং ভেঙে ফেলা হয়েছে। বেইলি সেতু নির্মাণ করা হলেও সেখান দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ঝুঁকি নিয়ে গত চার মাস পুরোনো সেতুর ওপর দিয়ে চলছে যানবাহন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সদরের বাজার এলাকায় বেত্রাবতী নদীর ওপর সেতুটির অবস্থান। কলারোয়া উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে বেত্রবতী। নদীর পূর্ব পাশে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। পশ্চিম পাশে ছয়টি ইউনিয়ন, উপজেলা সদর ও পৌরসভার ছয়টি ওয়ার্ড। নদীর দুই পাশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে কলারোয়া বাজার এলাকার সেতুটি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কলারোয়া বাজার এলাকায় বেত্রাবতী নদীর ওপরের সেতুটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের সেতুটির নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ৬ কোটি ৪৮ লাখ টাকা। কাজটি পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ১৪ এপ্রিল সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি শেষ হওয়ার কথা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর।

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কামাল রেজা বলেন, সেতুর নির্মাণ কবে শুরু হবে, তার কোনো ঠিক নেই। অথচ গত এপ্রিলে সেতুর এক পাশের সম্পূর্ণ এবং অন্যপাশের কিছুটা রেলিং ভেঙে ফেলা হয়েছে। ভাঙা রেলিঙের এ সেতু দিয়ে মানুষ ও গাড়ি যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

কামাল রেজা আরও বলেন, বেত্রাবতী নদীর পশ্চিম পাশের ছয়টি ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডসহ কেশবপুর, মনিরামপুর ও তালা উপজেলার প্রতিদিন কয়েক হাজার মানুষ কলারোয়া উপজেলা সদরের বাজার এলাকার ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। প্রতিদিন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ হাজার পাঁচেক প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অন্যান্য গাড়ি চলাচল করে।

শেখ শাহাজাহান আলী নামের এক শিক্ষক বলেন, প্রতিদিন ভোর থেকে হাজারো মানুষ ও শিক্ষার্থী সেতু পার হন। কয়েক মাস ধরে নদীর ওপর সেতুর রেলিং ভেঙে রাখা হয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন বলেন, বেইলি সেতুর দুই পাশে দোকান থাকায় সেটি চালু হয়নি। সেতু নির্মাণের জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে। নকশা অনুযায়ী নদীর পূর্ব পাশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাঁর ভাইদের বাড়ি ও জমি পড়েছে। এ কারণে সেতুর কাজ এগোচ্ছে না।

তবে আমিনুল ইসলাম বলেন, ‘সেতুর জন্য বাড়ি কিংবা জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি অধিগ্রহণে আমার বাড়ি কিংবা জমি পড়ে, উন্নয়নের স্বার্থে তা মেনে নেব।’

সওজের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহমেদ বলেন, ২০২১ সালের ৬ এপ্রিল নদীর দুই পাশের ১ একর ৭৬ শতক জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছিল, ওই সেতুর পাশ দিয়ে সাময়িকভাবে চলাচল করার জন্য বেইলি সেতু করার জন্য। সেটি করার পর রেলিঙের কিছু অংশ ভেঙে ফেলা হয়। কিন্তু জমি অধিগ্রহণসহ নানা জটিলতায় কাজ শুরু করা যায়নি।

স্থানীয় জটিলতার কারণে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করা যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে সওজের কাছে জমি হস্তান্তর করতে পারবেন।