গাইবান্ধায় শুকনা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে মা–ছেলের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মান্দুরা গ্রামের সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) ও তাঁর ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুই পরিবারকে আজ সকালে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তাঁর মা কল্পনা রানীও সেখানে যান। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে তাঁরা ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ও স্বজনেরা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। পথে রাত আটটার দিকে মা ও ছেলে মারা যান।