বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার দুটি ট্রলারডুবি, জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রলারডুবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

সাগরে মাছ ধরার অন্য আরেকটি ট্রলার থেকে ২৮ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও রবিউল ইসলাম নামের এক জেলে এখনো নিখোঁজ আছেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজিকান্দা ও মৌডুবী গ্রামে। এ ঘটনায় ডুবে যাওয়া ট্রলার, জালসহ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

মহিপুর মৎস্য বন্দরের গাজী ফিশের মালিক মজনু গাজী প্রথম আলোকে বলেন, রাঙ্গাবালী উপজেলার মৌডুবী গ্রামের রশিদ মেম্বারের ‘এফবি মুনিয়া’ ট্রলারটি তাঁর আড়ত থেকে নিয়ে মাছ ধরার জন্য সাগরে যায়। আজ দুপুরে হঠাৎ ঝড় উঠলে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ ছাড়া এফবি জোবায়ের নামের আরেকটি ট্রলার ডুবে গেছে। ঘটনার পর উদ্ধার হওয়া জেলেদের মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

এফবি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধার বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজিকান্দা গ্রামে। তিনি জানান, ট্রলারডুবিতে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।