বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় দূরপাল্লার কোচের চাকায় পিষ্ট হয়ে মীম নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলির দ্বিতীয়-বাইপাসে শ্যামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীম বগুড়া শহরের বাঁশবাড়িয়ার অটোরিকশাচালক বাবু মিয়ার মেয়ে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবু মিয়া পেশায় অটোরিকশাচালাক। পরিবার নিয়ে বসবাস করেন শ্যামবাড়িয়া তেঁতুলগাছি এলাকায় শ্বশুরবাড়িতে। বেলা সোয়া দুইটার দিকে মীম বাড়ির বাইরে খেলতে যায়। একপর্যায়ে দ্বিতীয়–বাইপাস সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি দূরপাল্লার কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মীম।

বগুড়া সদর থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, মীমের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকাগামী দূরপাল্লার কোচটি চাপা দিয়ে পালিয়েছে।