কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২
নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে ওই কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত কর্মকর্তার নাম মো. রুয়েলুজ্জামান। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার থানায় অভিযোগ করেন ইউপির প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। পরে গতকাল বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায় পুলিশ।
গাঁওকান্দিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৮৭৭ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। এ টাকা সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ হিসাব নম্বরে জমা রাখা হয়। ওই হিসাবে আগে থেকেই ২৮ হাজার ৮৫৪ টাকা জমা ছিল। সব মিলিয়ে হিসাবটিতে জমা হয় ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা।
কৃষকদের এই সহায়তার টাকা বিতরণের জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে প্রশাসক ফজলুর রহমান প্রশাসনিক কর্মকর্তা রুয়েলুজ্জামানকে টাকা বিতরণের প্রস্তুতি নিতে বললে নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে অসুস্থতার কথা বলে দায়িত্ব এড়িয়ে যান। ২২ নভেম্বর বিকেল থেকে রুয়েলুজ্জামানের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তাঁর গ্রামের বাড়িতে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি।
রুয়েলুজ্জামানের আচরণে সন্দেহ হলে গত মঙ্গলবার ব্যাংকে গিয়ে হিসাব বিবরণী সংগ্রহ করেন প্রশাসক ফজলুর রহমান। সেখানে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে তাঁর স্বাক্ষর জাল করে ওই হিসাব থেকে সাড়ে ২৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের হিসাব থেকেও ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়া হয়েছে। এসব টাকা উত্তোলনে রুয়েলুজ্জামান তাঁর নিজস্ব লোকজনকে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।
ইউপি প্রশাসক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় তাঁর মুঠোফোনে কোনো এসএমএস বা ওটিপি আসেনি। ফলে টাকা উত্তোলনের বিষয়টি তিনি জানতে পারেননি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি।
থানায় করা অভিযোগে রুয়েলুজ্জামান, তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বিলকিছ, তাঁর তিন ভাই রোকন তালুকদার, রবিন তালুকদার ও রাকিব তালুকদার এবং গাঁওকান্দিয়া গ্রামের উসমান গনি ও তাঁর স্ত্রী বিলকিছ আক্তার, দাখিনাইল গ্রামের রিপন কর্মকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে উসমান গনি ও রিপন কর্মকারকে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত রুয়েলুজ্জামানের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি চাকরিজীবীকে অভিযুক্ত করায় অভিযোগটি দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে। আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণ আগে অভিযোগের কপিটি পেয়েছি। মামলার অনুমতি নিতে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।’