আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া স্থলবন্দর
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া।
আজ বুধবার দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ আশপাশের ৭টি রাজ্যে রপ্তানি হয়। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এক লাখ ডলারের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি আমদানি করা মাছের মান যাচাইকরণে প্রয়োজনীয় সরঞ্জাম এবং জনবল না থাকায় মাছ আমদানি করবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে আজ থেকে এক মাসের জন্য মাছ রপ্তানি বন্ধ থাকবে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বন্দরের রপ্তানি বাণিজ্য আরও বেশি সংকুচিত হয়ে পড়বে।

আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘আমাদের বন্দরটি প্রায় শতভাগ রপ্তানীমুখী। এই বন্দর দিয়ে যেসব পণ্য রপ্তানি হয় তার সিংহভাগই মাছ। হঠাৎ ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা বেশ লোকসানে পড়বেন। পাশাপাশি বাংলাদেশ সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হবে।’

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, চিঠির মাধ্যমে মাছ আমদানি বন্ধের বিষয়টি ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে যেহেতু স্থলবন্দর কর্তৃপক্ষের মাছের ট্রাক থেকে শুল্ক আদায় হয় বেশি, সে জন্য মাছ রপ্তানি বন্ধের ফলে বন্দরের আয় কমে যাবে।