ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই ৩১টি বাড়ি পুড়ে ছাই, চারদিকে হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই ঘণ্টার আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাড়িঘর। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়ায়
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন বেড়াতে এসেছেন। ঘরে ঘরে মজাদার খাবার রান্নার তোড়জোড় চলছিল তখনো। হঠাৎ এক বাড়িতে চুলা থেকে আগুন ধরে যায় ঘরের চালায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে একটার পর একটা বাড়িতে। টানা আড়াই ঘণ্টায় গ্রামের ৩১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

গতকাল রোববার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তর পাড়ায়। পরনের কাপড় ছাড়া গ্রামের মধ্যবিত্ত এসব বাড়ির প্রায় কোনো কিছুই পুড়তে অবশিষ্ট নেই। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই চারদিকে হাহাকার পড়ে গেছে।

বাঁশিলা উত্তরপাড়ার অন্তত সাতজন বাসিন্দা বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রামের কৃষক খলিলুর রহমানের বাড়িতে রান্না করার সময় চুলার আগুন রান্নাঘরের চালায় লাগে। মুহূর্তেই সেই আগুন বাড়ির অন্যান্য কাঁচা ঘরে লাগে। আগুন নেভানোর মতো পর্যাপ্ত পানি না থাকায় একটার পর একটা বাড়ি পুড়তে থাকে। খবর পেয়ে নাটোর শহর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই থেকে দুটি করে ইউনিট এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্রামের অন্তত ৩১টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ও ভিটেমাটি ছাড়া কিছুই অবশিষ্ট থাকেনি। আগুনে নেভাতে গিয়ে দুই নারী আহত হয়েছেন। রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কিছু টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

গ্রামের অধিকাংশ বাড়ি টিনের কাঁচা ও আধা পাকা। আজ সকালেও সেখানে আগুন জ্বলছিল
ছবি: সংগৃহীত

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। গতকাল রাতে ঘটনাস্থল থেকে তিনি জানান, ঘনবসতি হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি ও প্রাথমিক সহযোগিতা দেওয়ার কাজ চলছে।

গ্রামের বাসিন্দা আফসার আলী বলেন, পাড়ায় প্রায় ৩১টি পরিবার বসবাস করে। ঘনবসতিপূর্ণ এই গ্রামের অধিকাংশ বাড়ি টিনের কাঁচা ও আধা পাকা। আশপাশে পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভানো কষ্টকর ছিল। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এলেও অধিকাংশ বাড়ি পুড়ে গেছে।

গ্রামের অপর বাসিন্দা উজির আলী জানান, গ্রামের প্রায় প্রতিটি মানুষ কৃষক। এ সময় মাঠ থেকে গম, রসুন ও পেঁয়াজ তুলে বাড়িতে মজুত করা হয়েছিল। সব পুড়ে গেছে। সংসার চালানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই তাঁদের।

গৃহবধূ ফাতেমা বেগম বলেন, ঈদের পরের দিন হওয়ায় প্রতিটি বাড়িতে মেয়ে–জামাইরা বেড়াতে এসেছেন। বাড়িতে বাড়িতে মজার খাওয়াদাওয়ার আয়োজন ছিল। আগুনে এই উৎসব মুহূর্তেই মলিন হয়ে গেছে।

নাটোর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচলক এ কে এম মোর্শেদ বলেন, এলাকাবাসীর তথ্য অনুযায়ী গ্রামের খলিলুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। পানি স্বল্পতার বিষয়টি মাথায় রেখে অন্যান্য স্টেশন থেকেও ফায়ার ফাইটাররা আগুন নেভাতে যোগ দেন।