বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ জামায়াতের প্রার্থীর

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার তাঁর সমর্থকদের ওপর বিএনপির সমর্থকদের হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। বুধবার দুপুরে বাকেরগঞ্জ শহরে জামায়াতের প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়েছবি: প্রথম আলো

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জামায়াতের নেতা-কর্মীর ওপর বিএনপির কয়েক দফা হামলা এবং প্রশাসনের উদাসীনতা, অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ধরেন।

বাকেরগঞ্জ শহরে জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার। এখানে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। মাহমুদুন্নবী তালুকদার বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি।

লিখিত বক্তব্যে মাহমুদুন্নবী তালুকদার বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাড়িতে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ-সংক্রান্ত আলোচনা সভা চলছিল। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মনির, কবির সন্যামত, সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, ছাত্রদল নেতা সজীব মোল্লা, দুলাল হাওলাদার, বজলুর শিকদারসহ ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। হামলায় জামায়াতের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ শিকদার, জসিম হাওলাদার, সাইফুল ইসলাম, কামাল হোসেন খান, জাফরুল্লাহসহ ৭ থেকে ৮ জন আহত হন। একই দিনে গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে আরেকটি হামলায় সাকিবুল ইসলাম নামের আরেক কর্মী আহত হন।

মাহমুদুন্নবী তালুকদার বলেন, প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা একের পর এক তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভীতির সৃষ্টি করছেন। হামলার পর স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো সাড়া পাননি, যা অত্যন্ত উদ্বেগের। তিনি বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা বিএনপির নেতা। গতকাল রাতে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার জেরে তিনি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জামায়াতের বিরুদ্ধে টাকা বিতরণের অপপ্রচার চালান। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং ভোটারদের এই মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

অভিযোগের বিষয়ে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জমাদ্দার বলেন, ‘জামায়াতের প্রার্থী সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন, তা একতরফা এবং সত্যতা নেই। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও সেসব তথ্য আমাদের জানা নেই।’