ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একই ইসলাম আমি বলি, আরেকজন একই ইসলাম বলবে, মানুষ যাবে কোথায়? ইসলামের নামে যে ভেতরে ধোঁকাবাজি, সেটা নির্বাচনের আগে স্পষ্ট ছিল না।’
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির এসব কথা বলেন। তাঁর দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্যরা ইসলামের নাম ব্যবহার করলেও প্রকৃত ইসলামি দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার নৈতিক শক্তি তাদের নেই।
বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আর কত দিন মায়ের কান্না শুনতে হবে, সন্তান গুলিবিদ্ধ হবে, স্ত্রী স্বামীকে হারাবে, নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হবে। আর কত দিন দেখব আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে। আর কত দিন মানুষ পাখির মতো রাস্তায় মরবে?’
ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অপশক্তির সঙ্গে আপস করেনি উল্লেখ করে সম্মেলনে প্রধান বক্তা মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দলটি অতীতেও ছিল, এখনো আছে।
দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সম্মেলন পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এতে কেন্দ্রীয় শুরা সদস্য আতিকুর রহমান ওরফে নান্নু মুন্সিসহ জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৪-২০২৬ মেয়াদের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।
ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হিসেবে মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুন্সি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।