বিএনপির প্রার্থী বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ল মঞ্চ

বিএনপি প্রার্থী বক্তব্য দেওয়ার সময় ভেঙে পড়ছে মঞ্চছবি: ভিডিও থেকে নেওয়া

মঞ্চের সামনে এক কোনায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির প্রার্থী। পাশে বসে আছেন দলের বেশ কয়েকজন স্থানীয় নেতা। প্রার্থীর বক্তব্য চলাকালেই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ। এ সময় মঞ্চে থাকা ব্যক্তিদের সঙ্গে প্রার্থী নিজেও নিচে পড়ে যান। কক্সবাজার–২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনের বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্বাচনী সভার মঞ্চ ভেঙে পড়ার একটি ভিডিও গতকাল মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলার চর এলাকায় এ ঘটনা ঘটেছে। সেখানে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা উপলক্ষে এই মঞ্চ নির্মাণ করা হয়েছিল।

ভেঙে যাওয়ার মুহূর্তে মঞ্চটিতে বিএনপি প্রার্থী ছাড়া ছিলেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী ও সদস্যসচিব এম এ সালাম কুতুবী, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল সিকদার প্রমুখ।

পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে পথসভার প্রায় শেষ পর্যায়ে মঞ্চে বক্তব্য শুরু করেন বিএনপির প্রার্থী। বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত নেতাদের সম্বোধন করার সময় মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় বিএনপির প্রার্থী ও মঞ্চে থাকা অন্যরা নিচে পড়ে যান। তবে মঞ্চটি খুব একটা উঁচু না হওয়ায় কেউ তেমন আঘাত পাননি।

স্থানীয় বিএনপির নির্বাচন সমন্বয়কারীর দায়িত্বে থাকা কাইমুল হক ও নেছার উদ্দিন জানান, মঞ্চটি তৈরি করা হয় তবলার চরের একটি লবণমাঠে। লবণমাঠের মাটি নরম হওয়ায় মঞ্চ তৈরিতে ব্যবহৃত খুঁটিগুলো নড়বড়ে ছিল। এ ছাড়া বিএনপির প্রার্থী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চে অন্তত ৫০ জনের বেশি নেতা–কর্মী বসে ছিলেন। ফলে ভার সইতে না পেরে প্রথমে মঞ্চ এক পাশে হেলে যায়। পরে পুরো মঞ্চটি ভেঙে পড়ে।